Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি নির্মাণ মেটিয়াবুরুজে এক মাসের মধ্যে পাঁচতলা বাড়ি ভেঙে ফেলার নির্দেশ

বেআইনি নির্মাণ মেটিয়াবুরুজে এক মাসের মধ্যে পাঁচতলা বাড়ি ভেঙে ফেলার নির্দেশ
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ফের বেআইনি নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ করল হাইকোর্ট। এক মাসের মধ্যে একটি গোটা পাঁচতলা বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে বিচারপতি কৌশিক চন্দর সিঙ্গল বেঞ্চ। 
Advertisement
কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে জমি দখল করে পাঁচতলা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মালিক মহম্মদ আতাউল্লা। অভিযোগ, মেটিয়াবুরুজ থানা এলাকার এন ১৪৭/সি বল্লামতলা লেনে অবস্থিত ওই জমিটি আতাউল্লার। কিছু অসাধু প্রোমোটার ওই জমি দখল করে বেআইনি নির্মাণ করছে বলে অভিযোগ। জমি মালিকের আইনজীবী আশিসকুমার চৌধুরী বলেন, তাঁর মক্কেলের নামেই জমির মিউটেশন রয়েছে। তিনি পুরসভায় নিয়মিত ট্যাক্সও জমা দেন। অথচ তাঁর জমি বলপূর্বক দখল করে নেয় কয়েকজন অসাধু ব্যক্তি। পরে ওই জমিতেই গড়ে ওঠে বেআইনি নির্মাণ। এ নিয়ে একাধিকবার পুলিস প্রশাসন ও পুরসভার কাছে দরবার করেও কোনও লাভ হয়নি।  এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। অভিযোগের প্রেক্ষিতে পুরসভার কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি কৌশিক চন্দ। রিপোর্ট জমা দিয়ে পুরসভা জানায়, মেটিয়াবুরুজের ওই নির্মাণটি বেআইনি। ওই বহুতল তৈরির অনুমতি পুরসভা দেয়নি। এই রিপোর্টের প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন তোলেন, তাহলে কীভাবে এত বড় অবৈধ নির্মাণ হল? বিষয়টি জানার পর পুরসভা কী পদক্ষেপ করেছে? প্রশ্নের উত্তরে পুরসভা জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এরপর বিচারপতি নির্দেশে জানিয়ে দেন, আগামী এক মাসের মধ্যে পুরসভাকে ওই নির্মাণটি ভেঙে ফেলতে হবে।
সম্পর্কিত সংবাদ