নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে হেলা বাড়ির আতঙ্কের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙতে এবার বড় পদক্ষেপের পথে কলকাতা হাইকোর্ট। পুলিস না পারলে আধাসেনা নামিয়ে বেআইনি নির্মাণ ভাঙার হুঁশিয়ারি দিল হাইকোর্ট। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ২০২৩ সালে বিধাননগর পুরসভার অন্তর্গত শান্তিনগরে একটি অবৈধ বহুতল ভাঙতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু পুরকর্মীরা বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলেও নির্দেশ কার্যকর করা যায়নি। মহিলা ও শিশুদের ঢাল করে পুলিসকে পিছু হটতে বাধ্য করেন সেখানকার বাসিন্দারা। তাকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা দায়ের হয়। এদিন সেই মামলায় বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, আদালত জানে কী করে তার নির্দেশ কার্যকর করাতে হয়। এব্যাপারে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, বিধাননগর পুরসভার ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডে সব মিলিয়ে ৩৩০টি সন্দেহজনক নির্মাণের কথা হাইকোর্টের জানিয়েছিলেন পুরসভার আইনজীবী। তাঁদের কাছে বৈধ নথি চাওয়া হলে তাঁরা তা দেখাতে পারেননি। এর মধ্যেই এব্যাপারে কড়া অবস্থান নিল হাইকোর্ট।
Advertisement
এদিকে, এদিন হাইকোর্টের আগের নির্দেশ কার্যকর করতে বিকেলেই ৩৬ নম্বর ওয়ার্ডে একটি ছ’তলা ভাঙার কাজ শুরু করেছে বিধাননগর পুরসভা। এক আধিকারিকের বক্তব্য, কাজ শুরু হয়েছে। নির্দেশ কার্যকর করা হবে।



