নিজস্ব প্রতিনিধি, বরানগর: দক্ষিণ দমদম পুরসভা এলাকায় অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ নতুন নয়। একাধিক নির্মাণ নিয়ে আদালতেও আইনি লড়াই চলছে। এবার সেই সব অবৈধ নির্মাণ নিয়ে জেলাশাসক সহ দেশ ও রাজ্যের বিভিন্ন সরকারি মন্ত্রক, দপ্তর ও তদন্তকারী এজেন্সির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার জেলাশাসক পুরসভা ও পুলিসকে চিঠি দিয়ে ওইসব অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ২৪ ডিসেম্বরের মধ্যে পদক্ষেপ নেওয়ার রিপোর্ট (অ্যাকশন টেকেন রিপোর্ট) পাঠানোর সময়ও বেঁধে দিয়েছেন।
Advertisement
চলতি মাসে দক্ষিণ দমদম পুরসভার এক বাসিন্দা ১১৪ পাতার অভিযোগপত্র জেলাশাসক সহ মোট ২২টি কেন্দ্র ও রাজ্য সরকারি মন্ত্রক, দপ্তর ও তদন্তকারী সংস্থার কাছে জমা দিয়েছেন। তাতে প্রায় ৪০টি বহুতলের ছবি ও ঠিকানা দেওয়া হয়েছে। তারমধ্যে যশোর রোড, দমদম পার্ক, বাগুইআটি, দক্ষিণপাড়া, লেকটাউন, এনএন গুহ রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার আবাসনের ছবি দিয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ‘এই অবৈধ নির্মাণ সংগঠিত অপরাধের সিন্ডিকেট। এতে রাজনৈতিক নেতা, পুলিস ও প্রশাসনের বিভিন্ন স্তরের মানুষ যুক্ত।’ দক্ষিণ দমদম পুরসভার পাশাপাশি, বারাকপুর, বিধাননগর কমিশনারেট ও এনকেডিএ-কে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। পুরসভার চেয়ারম্যান কস্তুরী চৌধুরী বলেন, প্রয়োজনীয় রিপোর্ট নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হবে।



