নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেনিয়াপুকুর এলাকায় একটি গেস্ট হাউস থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গাড়িচালক মহম্মদ ইলিয়াসকে গ্রেপ্তার করল এসটিএফ। তার গাড়িতেই গয়া থেকে দুই অস্ত্র কারবারি এসেছিল কলকাতায়। ধৃত দু’জনকে জেরা করে জানা যায়, তারা গয়া থেকে ইলিয়াসের গাড়ি করে এসেই বেনিয়াপুকুরের এই গেস্ট হাউসে উঠেছিল। তদন্তে জানা গিয়েছে, ইলিয়াস কলকাতার এক অস্ত্র ব্যবসায়ীর গাড়ি চালাত। ওই অস্ত্র কারবারির নির্দেশেই সে গাড়ি নিয়ে বিহারের বিভিন্ন জায়গায় যেত ও আগ্নেয়াস্ত্র আনত। তাকে জেরা করে কলকাতার ওই অস্ত্র ব্যবসায়ীকে ধরার চেষ্টা করছে এসটিএফ।



