Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুধিয়ায় বেইলি ব্রিজের উদ্বোধন, চলতি সপ্তাহেই শুরু যান চলাচল

দুধিয়ায় নতুন বেইলি ব্রিজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি-মিরিক যোগাযোগে স্বস্তি। বিস্তারিত পড়ুন।

দুধিয়ায় বেইলি ব্রিজের উদ্বোধন, চলতি সপ্তাহেই শুরু যান চলাচল
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দুধিয়ায় অস্থায়ী ডাইভারসন ভেসে যাওয়ার মাত্র ২০ দিনের মাথায় নতুন করে বানানো বেইলি ব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি-মিরিক সড়কে যোগাযোগ ব্যবস্থা ফের শুরু হওয়ায় অবশেষে স্বস্তি সংশিষ্ট রুটে চলাচল করা গাড়ির চালকদের। বর্ষার মরশুমে এই কঠিন আবহাওয়ার চ্যালেঞ্জকে উপেক্ষা করে সেনাবাহিনী ব্রিজের নির্মাণ কাজ শেষ করেছে। ফলে শুরু হল মিরিক ও শিলিগুড়ির সহজ যোগাযোগ ব্যবস্থা। এদিন বিকেলে কলকাতা থেকে ভার্চুয়ালি বেইলি ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

উল্লেখ্য, প্রবল বৃষ্টির কারণে গত ১৮ জুন দুধিয়ায় বালাসন নদীর উপর থাকা হিউম পাইপের ডাইভারসনটি ভেসে যায়। যার ফলে এই রুটে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ স্তব্ধ হয়ে যায়। সমস্যায় পড়ে সাধারণ মানুষ। সেটি মেরামত করার কাজ শুরু করে পূর্তদপ্তর ও সেনাবাহিনী। তবে লাগাতার বৃষ্টির ফলে কাজে বারবার বিঘ্ন ঘটছিল। এরপর স্থানীয়দের দাবি মেনে গত ২৩ জুন সেনাবাহিনীর উদ্যোগে তৈরি করা হয় ফুট ব্রিজ। যা দিয়ে চলাচল শুরু হয় সাধারণ মানুষের। অবশেষে সেনাবাহিনীর তৎপরতায় দুধিয়ার বালাসন নদীর উপর বেইলি ব্রিজ করা হল। এদিন কলকাতা থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেও দুধিয়ার অনুষ্ঠানে যোগ দেন দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিক্কর সহ সেনাবাহিনীর কর্তরা। 
প্রায় ৬০ ফুট লম্বা এই বেইলি ব্রিজটি। ডিএম বলেন, সেনাবাহিনী উদ্যোগ নেওয়ায় এত দ্রুত কাজটি করা সম্ভব হল। ৯ মেট্রিক টন ওজন পর্যন্ত গাড়ি চলাচল করতে পারবে। আরও কিছু কাজ বাকি আছে। এক-দু’দিনের মধ্যে যান চলাচলের ছাড়পত্র দেওয়া হবে। পাশাপাশি স্থায়ী সেতুর কাজ চলছে। আগামী বছর মার্চ মাসের মধ্যে সেই কাজ শেষ হবে বলে আশা করছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ