নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আগামী দিনে ফেডারেশনের সাধারণ পরিষদে কাজ করতে পারেন আইএম বিজয়ন, বাইচুং ভুটিয়ারা। তবে তার জন্য নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে প্রাক্তন তারকা ফুটবলারদের। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন সংবিধানে চার প্রাক্তন ফুটবলারদের নিয়ে সাধারণ পরিষদ গঠনের নির্দেশ রয়েছে। এর মধ্যে পুরুষ ও মহিলা উভয়কেই জায়গা দিতে হবে। তাই বুধবার মোট ৪০ জনের তালিকা প্রকাশ করেছেন হরিয়ানার অবসরপ্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব শর্মা। এর মধ্যে ২০ জন পুরুষ ও ২০ জন মহিলা প্রাক্তন ফুটবলার রয়েছেন। সেই তালিকাতে বাইচুং, বিজয়ন ছাড়াও ব্রুনো কুটিনহো, ক্লাইম্যাক্স লরেন্স, জো পল আনচেরি, রমন বিজয়নরা রয়েছেন। মহিলাদের নামের তালিকায় বেমবেম দেবী ছাড়াও জায়গা পেয়েছেন এস ললিতা, আশালতা দেবীরা। ভোটের মাধ্যমে সেই তালকা থেকে দু’জন করে প্রাক্তন ফুটবলার বেছে নেওয়া হবে। এদিন আইএম বিজয়ন বলেন, ‘নাম তালিকায় রয়েছে শুনে সম্মান বোধ করছি। কাজ করার সুযোগ পেলে অভিজ্ঞতা উজাড় করে দেব।’



