Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিয়ে না দেওয়ায় মাকে খুন করে ডাকাতির গল্প, ধৃত দিল্লির যুবক

বিয়ে না দেওয়ায় মাকে খুন করে ডাকাতির গল্প, ধৃত দিল্লির যুবক
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: বাড়িতে ডাকাতি হয়েছে। দুষ্কৃতীরা মাকে খুন করার পাশাপাশি তাঁর কানের দুল চুরি করে পালিয়েছে। শুক্রবার রাতে দিল্লি পুলিসের কন্ট্রোল রুমে এমনই একটা ফোন যায়। যুবকের ফোন পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কিন্তু তদন্তে নেমে চমকে দেওয়ার মতো তথ্য হাতে আসে পুলিসের। জানা গিয়েছে, বিয়েতে সম্মতি না দেওয়ায় মাকে খুন করেন সাওন নামে ওই যুবক। তারপর ডাকাতির গল্প সাজিয়ে পুলিসকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
ঘটনার তদন্তে নেমে বাড়িতে ডাকাতির কোনও চিহ্ন খুঁজে পায়নি পুলিস। ঘরের অন্যান্য জিনিসপত্রও অক্ষত অবস্থায় ছিল। তাই ক্রমে সন্দেহ বাড়তে থাকে। এরপর সাওনকে জেরা করতেই সত্যিটা বেরিয়ে আসে। জানা গিয়েছে, সুলোচনা দেবীর দুই সন্তান। সম্প্রতি বড় ছেলে কপিলের বিয়ে ঠিক হয়। এরপর সাওনও মাকে জানান, তিনি বিয়ে করতে চান। এক যুবতীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের আলাপ। তাঁকেই বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ছোট ছেলের বিয়ের কথা শুনেই বেঁকে বসেন মা। তাঁকে বকাবকি করার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, কোনওভাবেই ওই মেয়েকে বাড়িতে তোলা যাবে না। আর কথা না শুনলে ছেলেকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। এরপরই ক্ষোভে মাকে শ্বাসরোধ করে খুন করেন সাওন। ডাকাতির গল্প সাজাতে মায়ের কানের দুলগুলি অন্যত্র সরিয়ে দেন। কিন্তু শেষরক্ষা হল না।
সম্পর্কিত সংবাদ