Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দ্বৈরথে আয়ুষ্মান ও বরুণ

দ্বৈরথে আয়ুষ্মান ও বরুণ
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এবার মুখোমুখি দ্বৈরথে অভিনেতা বরুণ ধাওয়ান ও আয়ুষ্মান খুরানা। ‘স্ত্রী ২’ ছবির অভাবনীয় সাফল্যের পর ‘হরর কমেডি’ ইউনিভার্সকে আরও বড় করছেন প্রযোজক দীনেশ বিজান। এই ব্রহ্মাণ্ডে আসছে ভ্যাম্পায়ারের গল্প ‘থামা’। মুখ্য চরিত্রে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা। ইতিমধ্যে ছবির শ্যুটিং শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এই ছবিতেই ‘ভ্যাম্পায়ার’ আয়ুষ্মানের বিপক্ষে অ্যাকশন অবতারে দেখা যাবে ‘নেকড়ে’ রূপী বরুণকে। হরর কমেডি ঘরানার ‘ভেড়িয়া’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বরুণকে। ইচ্ছাধারী নেকড়ের চরিত্রে তাক লাগিয়েছিলেন অভিনেতা। আয়ুষ্মানের ‘থামা’ ছবিতে সেই নেকড়ের চরিত্রেই ধরা দেবেন বরুণ। নেকড়ে বনাম ভ্যাম্পায়ারের লড়াই  ছবিতে আলাদা মাত্রা যোগ করবে বলেই বিশ্বাস নির্মাতাদের। বিশেষ দৃশ্যের শ্যুটিংয়ের জন্য মুম্বইয়ের একাধিক স্টুডিওতে সেট নির্মাণ করা হয়েছে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে এই অংশের জন্য শ্যুট শুরু করা হয়েছে। দু’দিন ধরে তা চলেছে। পাশাপাশি ভিএফএক্স-এর ক্ষেত্রেও থাকছে চমক। বিশ্বের সেরা ভিএফএক্স শিল্পীরা উপস্থিত ছিলেন সেটে। তাঁদের তত্ত্বাবধানেই শ্যুট করেছেন বরুণ ও আয়ুষ্মান। পাশাপাশি ছিলেন আন্তর্জাতিক মানের অ্যাকশন কোরিওগ্রাফাররা। সব মিলিয়ে এই বিশেষ দৃশ্যের জন্য বিপুল খরচ করছেন নির্মাতারা। চলতি বছর দীপাবলির মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ