Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৯-১৬ আগস্ট আয়ুষ্মান সপ্তাহ, জেন জি অস্বস্তি কাটাতে ঢালাও প্রচার ‘ডবল ইঞ্জিন’ সরকারের

জেন জি বিক্ষোভ এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় রীতিমতো অস্বস্তিতে মোদি সরকার। এই পরিস্থিতিতে ‘ডবল ইঞ্জিন’ সরকারকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে ধুমধাম করে ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ‘আয়ুষ্মান ভারত সপ্তাহ’ পালনের নির্দেশ জারি হল।

৯-১৬ আগস্ট আয়ুষ্মান সপ্তাহ, জেন জি অস্বস্তি কাটাতে ঢালাও প্রচার ‘ডবল ইঞ্জিন’ সরকারের
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেন জি বিক্ষোভ এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় রীতিমতো অস্বস্তিতে মোদি সরকার। এই পরিস্থিতিতে ‘ডবল ইঞ্জিন’ সরকারকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে ধুমধাম করে ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ‘আয়ুষ্মান ভারত সপ্তাহ’ পালনের নির্দেশ জারি হল। কীভাবে হবে সেই প্রচার-ব্র্যান্ডিং, তার জন্য ৩১ পাতার রঙিন পিডিএফ বার্তা পৌঁছে গিয়েছে অফিসারদের কাছে। এছাড়া মুখ্যসচিব মনোজ আগরওয়ালও সব জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে পৃথক চিঠি পাঠিয়েছেন।  

Advertisement

১৬ আগস্ট আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড প্রদানের আনুষ্ঠানিক সূচনা হবে। ওই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব, আয়ুষ্মান ভারতের প্রধান সংস্থা ন্যাশনাল হেলথ অথরিটির সিইও প্রমুখ উপস্থিত থাকবেন। মূল অনুষ্ঠানের আগে থেকেই ‘প্রতিটি হাসির সঙ্গে আয়ুষ্মান’ এবং ‘সুস্থ নাগরিক সবল বাংলা’ —এই দুই ক্যাপশনে রাজ্যজুড়ে ‘ডবল ইঞ্জিন’ সরকারের ব্যাপক প্রচারের সিদ্ধান্ত হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীর ছবি সহযোগে বড়ো বড়ো ব্যানার, সাইনবোর্ড দিয়ে ‘সিটি ব্র্যান্ডিং’ করার নির্দেশ এসেছে। বড়ো ম্যাটাডরকে সরকারি প্রচারে মুড়ে তাতে আলো লাগিয়ে পরিক্রমার কথাও বলা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘এলইডি রথ’। এই প্রচারে অটোকেও সাজিয়েগুছিয়ে নামনো হবে। এছাড়া ‘আয়ুষ্মান ভারত’ লেখা ও প্রধানমন্ত্রীর ছবি ছাপানো রাইটিং প্যাড, ব্যাগ তৈরি করতে বলা হয়েছে। থাকবে আয়ুষ্মান ভারত কাপ, টুপি, শার্টও। এখানেই শেষ নয়, ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন বিভিন্ন দিবস হিসাবে পালন করতে হবে। যেমন ৯-১১ আগস্ট ব্লক ও গ্রামীণ হাসপাতালে হবে আয়ুষ্মান আরোগ্য শিবির। ১০ আগস্ট একই ধরনের হাসপাতালে হবে মাতৃবন্দনা দিবস। ১১ আগস্ট পালন করতে হবে আয়ুষ দিবস। ওই দিন বিভিন্ন স্কুল, অফিস এবং পার্কে যোগাভ্যাস হবে। ১২ আগস্ট ভায়া বন্দনা দিবস পালন করা হবে প্রাথমিক ও দ্বিতীয় স্তরের সব হাসপাতালে। ১৩ আগস্ট যক্ষ্মা সচেতনতায় পালিত হবে নিক্ষয় পোষণ দিবস। ১৪ আগস্ট হবে যুবা ও বাল স্বাস্থ্য দিবস। ১৬ আগস্ট মূল অনুষ্ঠানে বড়ো সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ছাড়াও প্রাইভেট হাসপাতালগুলিকে অংশ নিতে বলা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ