ডালাস: শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাউন্ড অব ৩২’এর ম্যাচে নামবে মিশর। তার আগে দলে চোট-আঘাত নিয়ে চিন্তায় মিশরের কোচ হোসাম হাসান। হ্যামস্ট্রিংয়ে চোটে কাবু দলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ। এছাড়া সেই তালিকায় নাম রয়েছে হামিদ ফাথি, হোসাম আবদেলমাজিদ ও আবদেলমোনেমের মতো ফুটবলারের। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল সাজাতেই কালঘাম ছুটছে কোচ হোসামের। অন্যদিকে, চোটের কারণে অস্ট্রেলিয়া পাচ্ছে না জ্যাকব ইতালিয়ানো ও ম্যাথিউ লেকিকে। বাকি দল অপরিবর্তিত রাখতে পারেন কোচ টনি পোপোভিচ। সেই সঙ্গে কাপযুদ্ধে নক-আউটে খেলার আত্মবিশ্বাস রয়েছে তাঁদের সঙ্গে। ওই জায়গায় খামতি রয়েছে মিশরের। ১৯৩৪ সালের পর আর কখনও রাউন্ড অব সিক্সটিনের ছাড়পত্র আদায় করতে পারেনি তারা। তবে সেই পরিসংখ্যান এবার বদলাতে মরিয়া মিশর।



