Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের প্রচারে মোটা টাকা বরাত, মুখে হাসি আউশগ্রামের ঢাকিদের

বৈশাখে ধর্মরাজ, শিবের গাজন ও ২৪ প্রহরব্যাপী পুজোয় ঢাক বাজিয়ে কিছু টাকা আয় করেন আউশগ্রাম ও বুদবুদের ঢাকিরা। এই সময় বাদ দিয়ে বছরের অন্য সময় অন্যের জমিতে চাষ করে তাঁরা দিন গুজরান করেন।

ভোটের প্রচারে মোটা টাকা বরাত, মুখে হাসি আউশগ্রামের ঢাকিদের
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুদীপ পাল, মানকর: বৈশাখে ধর্মরাজ, শিবের গাজন ও ২৪ প্রহরব্যাপী পুজোয় ঢাক বাজিয়ে কিছু টাকা আয় করেন আউশগ্রাম ও বুদবুদের ঢাকিরা। এই সময় বাদ দিয়ে বছরের অন্য সময় অন্যের জমিতে চাষ করে তাঁরা দিন গুজরান করেন। তবে এবার নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন দলের প্রচারে ঢাকিদের ডাক পড়ছে। ফলে কিছুটা বাড়তি আয়ের মুখ দেখছেন তাঁরা। ঢাকিরা জানান, একসময় শুধু বিজয় মিছিলেই ডাক আসত। তবে, গত কয়েক বছরে নির্বাচনি প্রচারে ও গণনার দিনেও ডাক আসে। সব দলই তাঁদের প্রচারে নিয়ে যাওয়ার জন্য বায়না করে যাচ্ছে।

Advertisement

আউশগ্রাম-২ ব্লকের মাজুরিয়া গ্রামে প্রায় ১২জন ঢাকি রয়েছে। গাজন ও অন্য ধর্মীয় উৎসবে বছরভর তাঁদের ডাক আসে। আউশগ্রামে কলাইঝুঁটি গ্রামে গাজনে আসা ঢাকি নেপাল দাস বলেন, গাজন ও ২৪ প্রহরব্যাপী উৎসবে চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত আমাদের বরাত মেলে। সারা বছরের রোজগারের অনেকটাই এই সময় হয়। দুর্গাপুজোর সময়ও এত রোজগার হয় না। গাজনে গেলে থাকা ও খাওয়া বাদে একজনের প্রায় হাজার চারেক টাকা আয় হয়। এবছর নির্বাচন থাকায় বিভিন্ন রাজনৈতিক দলই ঢাকিদের প্রচারে নিয়ে যাচ্ছে। কীরকম পারিশ্রমিক মেলে? ঢাকি মঙ্গলা দাস বলেন, গত বিধানসভা ভোটেও আমাদের প্রচারে নিয়ে যাওয়া হয়েছিল। সেবার যাতায়াত ও খাওয়ার খরচ বাদ দিয়ে ৮০০-১০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। কাঁকসার একটি স্কুলের শিক্ষক প্রিয়ব্রত পান বলেন, আমাদের ছোটোবেলায় ভোটের সময় কোনো রাজনৈতিক দলের এত বর্ণাঢ্য প্রচার দেখা যেত না। তবে, এখন ঢাক সহ তাসাপার্টি থাকছে। ফলে, দিন আনা দিন খাওয়া মানুষগুলির কয়েকদিন ভালো রোজগার হচ্ছে। বিভিন্ন দলের প্রার্থীর প্রচারে পুরুষদের পাশাপাশি মহিলা ঢাকিদেরও ডাকা হচ্ছে।
তবে, সময়ের সঙ্গে সঙ্গে ঢাক বাজানোয় অনেক বদল আসছে। গলসির বাসিন্দা নিত্যানন্দ হালদার বলেন, গাজনের বাজনা, আরতির বাজনা আর নির্বাচনি প্রচারের বাজনা এক নয়। প্রতিটির পৃথক ধারা বা তাল আছে।  গাজন, ২৪ প্রহরের সঙ্গে ভোট উৎসবের কারণে আমাদের রোজগার বাড়বে। তবে, ভোট তো আর প্রতি বছর থাকে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ