অডিয়ো ক্লিপ বিতর্ক: নিরপেক্ষ তদন্তের দাবি মনোজ জারাঙ্গের, চাপের মুখে রাউতের দিকে আঙুল বিজেপির
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গের অডিয়ো ক্লিপ ঘিরে তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি। ঘটনায় ইতিমধ্যে ফরেনসিক তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এরইমধ্যে নিরপেক্ষ তদন্তের দাবিতে সুর চড়িয়েছেন মনোজ। শনিবার জালনায় সাংবাদিক বৈঠকে সিন্ধেপন্থী শিবসেনা ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মনোজের বক্তব্য, ‘আমাদের কালিমালিপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। আমি কৃষক ও সাধারণ মানুষের পক্ষে সওয়াল করছি। তাই এই ষড়যন্ত্র।’ তিনি আরও বলেন, ‘আমি এই ঘটনার গোড়া পর্যন্ত পৌঁছাতে চাই। আশা করি, মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেও সেটাই করবেন।’

Advertisement

বৃহস্পতিবার একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আনেন মনোজ। সেখানে দাবি করা হয়, মনোজের কাছে শিবসেনা সাংসদ কথা একনাথ-পুত্র শ্রীকান্ত সিন্ধের মাধ্যমে  ৫০০ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। অডিয়ো ক্লিপটি ২০২৪ সালের বিধানসভা ভোটের আগের।  ঘটনায় উদ্ধবপন্থী শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। অভিযোগ, বিজেপি ও শিবসেনার সম্পর্কে ফাটল ধরাতেই এমনটা করা হয়েছে। পদ্ম শিবিরের মুখপাত্র নবনাথ বানের তোপ, ‘নভি মুম্বইয়ের ভাসির ওয়ার রুম থেকে এই ষড়যন্ত্র পরিচালনা করেন সঞ্জয় রাউত। রাহুল গান্ধীর সঙ্গে বিজেপিকে কালিমালিপ্ত করার চুক্তি করেছেন তিনি। এটা তারই অংশ।’  সংশ্লিষ্ট ঘটনায় অবশ্য পদ্ম শিবিরকেই দায়ী করেছেন সিন্ধেপন্থী শিবসেনার নেতা রামদাস কদম। শুক্রবার তিনি দাবি করেন, বিজেপির একাংশের নেতাদের সঙ্গে মনোজের গোপন আঁতাত রয়েছে। একজন মারাঠা নেতাকে ‘খতম’ করতেই এই ষড়যন্ত্র। রাজনৈতিক মহলের মতে, নাম না করলেও একনাথ সিন্ধের কথা বলেছেন কদম। চাপের মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে পদ্ম শিবির। শনিবার বিজেপির বিধান পরিষদের সদস্য প্রসাদ লাড বলেন, ‘বিজেপি ও শিবসেনার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছিলেন রাউত। কিন্তু এতে কোনো লাভ হবে না।’