বিজেপি কর্মী বলে পরিচয় দিয়ে রাজগঞ্জের রংধামালিতে তিস্তার চরের জমি দখলের চেষ্টা
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিজেপি কর্মীদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে রাজগঞ্জের বিধায়কের বাড়িতে গিয়ে ক্ষোভ উগরে দিলেন রংধামালি এলাকার একাংশ কৃষক। সোমবার বিকেলে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে। কৃষকদের দাবি, তাঁরাও বিজেপি কর্মী-সমর্থক। তৃণমূল জামানায় তাঁরা নানাভাবে অত্যাচারিত হয়েছেন। তবে বিজেপি সরকার গঠনের ছ’মাসের মধ্যেই নিজেদের চাষের জমির অর্ধেক দলীয় কর্মীদের হাতে তুলে দিতে হবে, এই হুমকি পেয়ে তাঁরা হতবাক। বিষয়টি নিয়ে তাঁরা রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকারের দ্বারস্থ হয়েছেন। যদিও বিজেপি বিষয়টি কখনও সমর্থন করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিধায়ক। ঘটনা সম্পূর্ণ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। 

Advertisement

কৃষকদের অভিযোগ, রংধামালিতে তিস্তা নদীর চরে দীর্ঘদিন ধরে কৃষকরা চাষাবাদ করেন। তৃণমূল জমানায় তাঁরা ওই জমি কিনেছেন। সেই জমিতে চাষাবাদ করেই তাদের সংসার চলে। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জমি দখল করতে চেয়েছিল। কিন্তু সকলে মিলে একত্রিত হয়ে বাধা দিয়ে সেই জমি নিজেদের কাছে রাখতে সক্ষম হন। তবে কিছুদিন ধরে কয়েকজন বিজেপি কর্মী হিসেবে পরিচয় দিয়ে সেই জমিতে পতাকা লাগিয়ে চলে যাচ্ছে। পরে ফোনে হুমকি দেওয়া হচ্ছে অর্ধেক জমি তাদেরকে দিয়ে দিতে হবে। না হলে চাষাবাদ করতে দেওয়া হবে না। সোমবার সকালেও একদল কৃষক তাঁদের জমিতে কাঁচালঙ্কা, ফুলকপি চারা বোনার সময় বাধার সম্মুখীন হন। তাঁদেরকে জমি থেকে চলে যেতে বলা হয়। চাষ করতে হলে মোট টাকা দিতে হবে বা অর্ধেক জমি লিখে দিতে হবে বলে এলাকার তথাকথিত বিজেপি কর্মী-সমর্থকরা হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার পরই তাঁরা সোজা পিকআপ ভ্যানে ভর্তি হয়ে বিজেপির বিধায়কের বাড়িতে পৌঁছন। বিধায়কের সঙ্গে দেখা করে সমস্তটা জানান। 
রাজগঞ্জের বিধায়ক বলেন, কে বা কারা এমন ঘটনা ঘটাচ্ছে সেটা আমার জানা নেই। সমস্ত বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির কর্মীরা কখনই জমি দখলের সঙ্গে যুক্ত থাকেন না। কৃষক মন্টু সরকার, প্রতাপ বিশ্বাস, ধনঞ্জয় রায়রা বলেন, আমাদেরকে আচমকা জমি ছেড়ে দিতে বলা হচ্ছে। অর্ধেক জমি তাদেরকে দিয়ে দিতে হবে। বিজেপি কর্মী হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে এই হুমকি দেওয়া হচ্ছে। সমস্ত ঘটনার প্রতিকার চেয়ে বিধায়কের দ্বারস্থ হয়েছি।