Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ধর্মান্তরিত করার চেষ্টা, বরাবাজারে উত্তেজনা, ধৃত ২

বরাবাজারে ধর্মান্তরিত করার চেষ্টা নিয়ে উত্তেজনা। আটক হয় আবেল মুর্মু ও সরোদিনী সোরেন। কেন ঘটেছে এই ঘটনা? বিস্তারিত পড়ুন।

ধর্মান্তরিত করার চেষ্টা, বরাবাজারে উত্তেজনা, ধৃত ২
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানবাজার: জোরপূর্বক বিশেষ ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে উত্তেজনা ছড়াল পুরুলিয়ার বরাবাজারে। ঘটনায় এক দম্পতিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। রবিবার বিকালে পুরুলিয়ার বরাবাজার থানার গোড়সাই গ্রামে ঘটনাটি ঘটে। পরে গ্রামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল আবেল মুর্মু এবং সরোদিনী সোরেন। তাদের বাড়ি ঝাড়খণ্ডে। তবে তারা বরাবাজারের গোড়সাই গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকত বলে জানা গিয়েছে। ধৃতদের সোমবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে ওই গ্রামের রাজু বাউরি দু’জনের নামে থানায় লিখিত অভিযোগ জানান। তিনি পুলিশকে জানিয়েছেন, ওই দু’জন তাঁদের গ্রামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে থাকত। বেশ কয়েকদিন আগে তাঁর ছেলেমেয়েদের অসুস্থতার সুযোগ নিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে ধর্মান্তরিত হওয়ার বিভিন্ন রকম প্রলোভন দেয়। তিনি মানা করা সত্ত্বেও রবিবার দুপুরে ওই দু’জন তাদের ধর্মের ধর্মগ্রন্থ সহ বিভিন্ন রকম সামগ্রী নিয়ে বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। তাঁকে আটকে রেখে সন্তানদের ধর্মগ্রন্থ ছুঁইয়ে মন্ত্রোচ্চারণ করাতে থাকে। তখন তিনি বাধা দিলে অভিযুক্তরা তার উপর চড়াও হয় বলে অভিযোগ।

Advertisement

ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা সেখানে ভিড় জমান। ওই দু’জনকে গ্রামবাসীরা আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পরে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ