Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

মহারাষ্ট্রের গুরুদ্বারে কৃপাণ নিয়ে হামলা, জখম অকালি নেতা সুখবীর সিং বাদল, গ্রেপ্তার নিহঙ্গ শিখ

ফের আক্রান্ত শিরোমণি অকালি দলের প্রধান তথা পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নানদেদে বাদলের উপর কৃপাণ নিয়ে হামলা চালায় এক নিহঙ্গ শিখ।

মহারাষ্ট্রের গুরুদ্বারে কৃপাণ নিয়ে হামলা, জখম অকালি নেতা সুখবীর সিং বাদল, গ্রেপ্তার নিহঙ্গ শিখ
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ফের আক্রান্ত শিরোমণি অকালি দলের প্রধান তথা পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নানদেদে বাদলের উপর কৃপাণ নিয়ে হামলা চালায় এক নিহঙ্গ শিখ। বাদলকে বাঁচাতে গিয়ে জখম হন সন্তোষ কেন্দ্রে নামে পুলিশের এক ইনসপেক্টর। নানদেদের একটি বেসরকারি হাসপাতালে জখম অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বাদলের আঘাত গুরুতর নয়। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।  

Advertisement

জানা গিয়েছে, নানদেদের মাতা সাহিব দিওয়ানজি গুরুদ্বারায় প্রার্থনা করতে গিয়েছিলেন সুখবীর। সঙ্গে  স্ত্রী তথা সাংসদ হরসিমরাত কউর বাদলও। পৌনে দুটো নাগাদ প্রার্থনা সেরে সিঁড়ি দিয়ে নীচে নামার সময় তাঁর উপর হামলা চালানো হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম জশপাল সিং। গত ২ বছর ধরে ওই গুরুদ্বারায় সেবাদার হিসাবে কাজ করছিলেন জশপাল। সুখবীরের পেট লক্ষ্য করে কৃপাণ চালিয়েছিলেন জশপাল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তারক্ষীর তৎপরতায় বড়ো বিপদ এড়ানো গিয়েছে। তাঁর হাতে আঘাত লাগে। হাসপাতাল সূত্রে খবর, অকালি নেতার ডান হাতে একাধিক সেলাই পড়েছে। ঘটনার পরে হরসিমরাত কউরকে ফোন করে সুখবীরের শারীরিক পরিস্থিতির খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহত সুখবীরের সঙ্গে ফোনে কথা বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। পুলিশকেও যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। 
বাদলের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা আরপি সিং। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘সুখবীর সিং বাদলজির উপর এই হামলার তীব্র নিন্দা জানাই। গণতন্ত্রে এই ধরনের হামলার কোনো জায়গা নেই।’ ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সরব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রভনীত সিং বিট্টুও। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের পবিত্র গুরুদ্বারে হিংসার কোনো স্থান নেই। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তার গাফিলতিরও তদন্ত করতে হবে।’ হামলার নিন্দা করেছে শিরোমণি অকালি গুরুদ্বার প্রবন্ধক কমিটিও। অন্যদিকে জানা গিয়েছে, বাদলের প্রাণ বাঁচানোর জন্য ইনসপেক্টর সন্তোষ কেন্দ্রের পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসে অমৃতসরের স্বর্ণমন্দিরে সুখবীরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত অকালি দলের সরকারের সময় হওয়া ‘ভুলের’ জন্য তাঁকে ‘তনখা’ (ধর্মীয় শাস্তির) বিধান দিয়েছিল আকাল তখত। সেই ‘শাস্তি’ পালনের সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। ঘটনার পর থেকেই জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল বাদলকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ