দেরাদুন: সিল্কইয়ারার স্মৃতি ফিরল। ফের উত্তরাখণ্ডে সুড়ঙ্গ-দুর্ঘটনা। বৃহস্পতিবার চামোলি জেলার পিপলকোটিতে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নেমে মৃত্যু হল ৬ শ্রমিকের। আহত ১৪ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে এখনও ভিতরে আটকে রয়েছেন দু’জন শ্রমিক। তাঁদের উদ্ধারের কাজ চলছে। জানা গিয়েছে, টিএইচডিসি-র জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। ভিতরে মোট ২২ জন ছিলেন। এদিন সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ আচমকা ধস নেমে কাদাজলের তীব্র স্রোত ধেয়ে আসে শ্রমিকদের দিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গভীর রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভিতরে আটকে থাকা দু’জনকে উদ্ধার করতে জোরকদমে কাজ চালানো হচ্ছে। বড়ো বড়ো মেশিন এনে ধ্বংসস্তূপ সরিয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশের চেষ্টা করছে উদ্ধারকারী দল। গোটা বিষয়টি উপর নজর রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, উদ্ধারকাজ দ্রুতগতিতে চলছে। ঠিক কী কারণে এই বিপর্যয়, তা তদন্ত করে দেখা হবে।



