নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী ও আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। সম্প্রতি আতিশী ও সঞ্জয় দাবি করেছিলেন, সন্দীপ বিজেপির থেকে টাকা নিয়েছেন। উল্লেখ্য, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, আপের দুই নেতা তাঁর মানহানি করেছেন। তাই তিনি আতিশী ও সঞ্জয়ের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করবেন। সন্দীপ জানান, তিনি ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি জানাবেন। ওই টাকা দিল্লির বায়ুদূষণ প্রতিরোধ ও যমুনা নদী পরিষ্কারের জন্য দান করবেন। আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন। কংগ্রেস ও আপ আলাদা লড়বে বলে আগেই ঘোষণা করেছে। তারপর থেকেই দু’পক্ষের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। এর আগে কংগ্রেস নেতা অজয় মাকেনের বিরুদ্ধে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের অভিযোগ উঠেছিল। তার পাল্টা দিতে গিয়ে আতিশী মন্তব্য করেন, নির্বাচনের আগে বিজেপিকে সাহায্য করছে কংগ্রেস। টাকা নিয়েছেন সন্দীপ।



