নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মালদহের ঘটনার পরিপ্রেক্ষিতে বারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলার সহ গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু করল বারাকপুর পুলিস কমিশনারেট। যাঁদের নিরাপত্তারক্ষী রয়েছে, তাঁদের আরও বাড়ানোর প্রয়োজন কি না, নতুন কাউকে নিরাপত্তা দেওয়া দরকার কি না, কারও ক্ষেত্রে অতিরিক্ত রক্ষী থাকলে তা প্রত্যাহার করা, সব কিছুই পর্যালোচনা করা হচ্ছে। মালদহে যে শ্যুট আউটের ঘটনা ঘটেছে, তেমন ঘটনা বারাকপুর শিল্পাঞ্চলে আকছার হয়। শ্যুট আউটের কারণে সম্প্রতি মৃত্যু হয়েছে তৃণমূল নেতা অশোক সাউ, জগদ্দলের ভিকি যাদব, পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত প্রমুখ। গত ১৫ জুন ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ির উপর গুলি বৃষ্টি হয়। ভবিষ্যতে এই ধরনের শ্যুট আউটের ঘটনা এড়াতেই নেতাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
গত ১৩ নভেম্বর ভাটপাড়ায় চায়ের দোকানে শ্যুট আউটে মৃত্যু হয় তৃণমূল নেতা অশোক সাউয়ের। ভাটপাড়া এলাকায় বেশ কয়েকজন নেতাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। সূত্রে খবর, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নিরাপত্তা সম্ভবত বাড়নো হতে পারে। বর্তমানে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা পান তিনি। সেটি জেড ক্যাটিগরির হতে পারে। এছাড়াও ভাটপাড়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলার পুলিসি নিরাপত্তা পান। বিশেষ নিরাপত্তা দেওয়া হয় টিটাগড় ও বারাকপুর পুরসভার কাউন্সিলারদেরও। কেউ কেউ আবার পুলিসের উপর ভরসা না রেখে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং বাউন্সার রেখেছেন। ২০২০ সালের ৪ অক্টোবর মণীশ শুক্লা খুন হওয়ার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে টিটাগড় ও বারাকপুরে। এর মধ্যে আবার কয়েকজনের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে। নিরাপত্তা দেওয়া হয়েছে পানিহাটির তিন কাউন্সিলার এবং খড়দহ পুরসভার ভাইস চেয়ারম্যানকে।
এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বারাকপুর কমিশনারেটের সিপি অলক রাজোরিয়া বলেন, আমরা প্রত্যেকের নিরাপত্তা ব্যবস্থা রিভিউ করছি। যদি কারও বাড়তি নিরাপত্তা দরকার হয়, তা নিশ্চয়ই বিবেচনা করা হবে। কারও ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে কোনও খামতি রাখা হবে না।
এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বারাকপুর কমিশনারেটের সিপি অলক রাজোরিয়া বলেন, আমরা প্রত্যেকের নিরাপত্তা ব্যবস্থা রিভিউ করছি। যদি কারও বাড়তি নিরাপত্তা দরকার হয়, তা নিশ্চয়ই বিবেচনা করা হবে। কারও ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে কোনও খামতি রাখা হবে না।



