Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আতঙ্কে বাড়ি বিক্রির কথা ভাবছেন ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতার পরিজনরা

আতঙ্কে বাড়ি বিক্রির কথা ভাবছেন ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতার পরিজনরা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল থানার অদূরে চায়ের দোকানে ঢুকে ১৩ নভেম্বর সকালে দুষ্কৃতীরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল তৃণমূল নেতা অশোক সাউকে। যে চায়ের দোকানে হামলার ঘটনাটি ঘটেছিল, সেই দোকান আজও বন্ধ রয়েছে। সেখানে পুলিস মোতায়েন রয়েছে। অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত সুজল প্রসাদ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বারাকপুর কমিশনারেটের পুলিস। কিন্তু, আতঙ্ক পিছু ছাড়ছে না নিহত তৃণমূল নেতার পরিবারের লোকজনের। ক্রমাগত হুমকি আসছে। ফলে, বাড়ি বিক্রি করে চলে যাওয়ার কথা জানিয়েছেন পরিবারের লোকজনেরা। একই সঙ্গে পুলিসের উপর আস্থা হারিয়ে তাঁরা এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন। অশোক সাউয়ের ভাই প্রদীপ সাউ বলেন, ‘দাদার খুনিদের পুলিস গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়ার পরেও দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। আদালতে যাওয়ার সময় তারা আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। পুলিসের সামনেই এসব হচ্ছে। চরম আতঙ্কে রয়েছি। পুলিসের উপর আমরা আস্থা হারাচ্ছি। এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি। এনআইএ তদন্ত হলে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে। আর কোনও কিছু না হলে আমরা বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাব।’ ভাটপাড়া শহর তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, অশোক সাউ আমাদের দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। আমরা সব সময় ওই পরিবারের সঙ্গে রয়েছি। পুলিস আইন মেনে কাজ করছে। তবে যে ধরনের অভিযোগের কথা বলা হচ্ছে, সে সম্পর্কে আমরা কিছু জানি না। এ নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলব। আর বিজেপি নেতা অর্জুন সিং বলেন, পুলিস যে এই ঘটনার প্রকৃত তদন্ত করতে পারবে না, তা আমি প্রথমেই বলেছিলাম। তাই এনআইএ তদন্তের দাবি জানিয়েছি। এনআইএ তদন্ত হলে সব কিছু বেরিয়ে আসবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ