Bartaman Logo
২৭ মে, ২০২৬

আত্মসমর্পণ করতে যাওয়ার পথে আটক গুজরাতের আপ বিধায়ক

আত্মসমর্পণ করতে যাওয়ার পথে আটক গুজরাতের আপ বিধায়ক
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
আমেদাবাদ: থানায় আত্মসমর্পণ করতে যাওয়ার পথে আটক করা হল গুজরাতের আপ বিধায়ককে। তাঁর শতাধিক সমর্থককেও আটক করেছে পুলিস। গত ১০ ডিসেম্বর গুজরাতে আপের ভারপ্রাপ্ত সভাপতি তথা  বিধায়ক চৈতার বাসবার বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করে পুলিস। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকি সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়। মঙ্গলবার সকালে শতাধিক সমর্থককে নিয়ে ভারুচ জেলার অঙ্কলেশ্বর থানায় আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। সেইমতো প্রস্তুতি নিয়েছিল পুলিসও। থানায় পৌঁছানোর আগেই নর্মদা জেলার নাভাগামে তাঁকে আটক করে পুলিস। গত ৩ ডিসেম্বর ভারুচের অঙ্কলেশ্বরে একটি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল চারজন শ্রমিকের। পরে তিনি প্রশাসনের অনুমতি না নিয়েই সেখানে প্রবেশ করেছিলেন। সেই ঘটনায় গুজরাতের ভারপ্রাপ্ত আপ সভাপতির বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করেছিল পুলিস। বিধায়ক বলেন, পুলিস চাইলে আমি জেলে যেতে রাজি রয়েছি। কিন্তু সাধারণ মানুষের বিচারের দাবিতে আমাদের লড়াই দমিয়ে রাখা যাবে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ