নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের শুরুতেই কলকাতা মেট্রো লাইনে আত্মহত্যার এক ব্যক্তির। যার জেরে ব্যস্ত সময়ে ফের বিঘ্নিত হল মেট্রো পরিষেবা। বড়দিনের ছুটি কাটিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনে বহু নামী স্কুল এদিন খুলেছিল। মেট্রো বিভ্রাটের জেরে স্কুল ফেরত অসংখ্য পড়ুয়া ও অভিভাবক চূড়ান্ত দুর্ভোগে পড়েন। জানা গিয়েছে, এদিন বেলা ১২টা নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। খবর পাওয়া মাত্র থার্ড লাইনের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। লাইন থেকে ওই ব্যক্তিকে তুলতে সক্রিয় হন রেল কর্মীরা। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিস। ঘটনার জেরে আপ-ডাউনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর কবি সুভাষ-ময়দান ও গিরিশ পার্ক-দক্ষিণেশ্বরের মধ্যে বিক্ষিপ্ত পরিষেবা চালু হয়। অর্থাৎ ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীদের অভিযোগ দেড় ঘণ্টার বেশি সময় এই পরিস্থিতি চলে। সন্ধ্যা গড়িয়ে গেলেও যার রেশ থেকে যায়।



