নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় স্কুলের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও হেনস্থার অভিযোগ এনে ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক শিক্ষিকা। নাম জসবীর কাউর (৫৮)। বরানগরের ৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া মাতৃমন্দির লেনের ঘটনা। অভিযোগের তির স্থানীয় এক কিণ্ডার গার্ডেন স্কুলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্কুল। সহকারী শিক্ষিকার পদ থেকে অবসরের ঠিক মুখে তাঁর কাছে স্কুল কর্তৃপক্ষ টিচার্স ট্রেনিংয়ের শংসাপত্র দাবি করছিল বলে অভিযোগ। অবসরের মুখে এমন একাধিক বিষয় নিয়ে ওই শিক্ষিকার সঙ্গে স্কুলের টানাপোড়েন চলছিল। এরপর বৃহস্পতিবার দুপুরে একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি। বিকেলে আত্মীয়দের উপস্থিতিতে পুলিস দরজা ভেঙে শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃত শিক্ষিকার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে দক্ষিণেশ্বর থানায় প্রধান শিক্ষক সহ স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই বেসরকারি স্কুলের পরিচালনা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল।



