সংবাদদাতা, নকশালবাড়ি: সরকারি নির্দেশের পরেও নকশালবাড়ির অটল চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ বোনাস না পেয়ে বুধবার সাতভাইয়া এলাকায় ২ নম্বর এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। ওই চা বাগানের সাতভাইয়া ডিভিশনের শ্রমিকদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ দুই দফায় বোনাস দিতে চায়। প্রথমে ১৫ শতাংশ বোনাস। বাকিটা পুজোর পর। তাঁদের অভিযোগ, এমনিতেই মজুরি বকেয়া রয়েছে। তার উপর ধাপে ধাপে বোনাস মেটাবে। এরই প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। সকাল ৯টা থেকে প্রায় ৪০ মিনিট রাস্তা অবরোধ চলে। পরে নকশালবাড়ি পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
বাগানের শ্রমিক ভোলা সিং বলেন, বাগান কর্তৃপক্ষ বোনাস বাবদ প্রথমে ১৫ শতাংশ মেটাবে। বাকিটা পুজোর পর। তা আমরা মানতে পারছি না। এনিয়ে গত চারদিন ধরে বিক্ষোভ হচ্ছে। ওই ডিভিশনে প্রায় ৫০০ শ্রমিক রয়েছে। গত একমাসের মজুরি বকেয়া রয়েছে। আর দুই দিন পর পুজো। আমাদের ২০ শতাংশ বোনাস সহ বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হোক। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি বাগান কর্তৃপক্ষ।
অন্যদিকে, এদিন নকশালবাড়ি কমিউনিটি হলে বিভিন্ন চা বাগানের প্রায় হাজার তিনেক মহিলা শ্রমিককে পুজোর নতুন শাড়ি তুলে দিলেন শিলিগুড়ি পুরসভার বিতর্কিত কাউন্সিলার দিলীপ বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ নলিনীরঞ্জন রায়, মণিরাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন চিকবরাইক। নিজস্ব চিত্র।