গোয়ার মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ছয়, জখম অন্তত ১৫ জন
  • ৩ মে, ২০২৫ ০৯:০৫
Prefer us on Google

পানাজি: জানুয়ারির পরে মে মাস। মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের মন্দিরে বিপর্যয়। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি এবার গোয়ায় শিরগাঁওয়ে। শনিবার ভোরে লাইরাই দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ১৫ জন। শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখানেই ঘটে বিপত্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভিড় বাড়তে থাকায় ভোরের দিকে পদপিষ্টের ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে অনেকে পড়ে যান। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জন পুণ্যার্থী প্রাণ হারান। জখম হন আরও অন্তত ২০ জন।

Advertisement

শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উত্তর গোয়ার পুলিস সুপার অক্ষত কৌশল। শনিবার ভোরের এই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন জখম হয়েছেন বলেও সংবাদ সংস্থাকে জানিয়েছেন তিনি। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। গোটা পরিস্থিতির ওপরে তিনি নিজে নজর রাখছেন বলে জানিয়েছেন। শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে বিপর্যয় নিয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তাঁর।