Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আসতে নিষেধ বাংলাদেশের ব্যবসায়ীদের, জমা টাকা ফেরত নিচ্ছেন না অনেকে

আসতে নিষেধ বাংলাদেশের ব্যবসায়ীদের, জমা টাকা ফেরত নিচ্ছেন না অনেকে
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ঢাকাই, জামদানি, রাজশাহী রেশম থেকে টাঙ্গাইলের তাঁত। বিধাননগর মেলা উৎসবে প্রতিবছর দেখা যায় বাংলাদেশের একাধিক স্টল। কিন্তু এবার বাংলাদেশের একটিও স্টল নেই! তবে মেলায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা টাকা জমা করেছিলেন। জানা গিয়েছে, অশান্তির ভয়ে মেলার বরাত পাওয়া সংস্থা এবার তাঁদের আসতে নিষেধ করেছে। যাঁরা স্টল করার জন্য টাকা জমা দিয়েছিলেন, তাঁদের কয়েকজনকে টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে অনেক বাংলাদেশি এখনও টাকা ফেরত নিতে আসেননি। তা নিয়ে বিপাকে পড়েছে বরাত পাওয়া সংস্থা।
Advertisement
মঙ্গলবার বিকেলে সল্টলেক সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে বিধাননগর মেলা উৎসবের উদ্বোধন হয়। মন্ত্রী ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ অনেকেই উপস্থিত ছিলেন। ছয় ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। একাধিক দেশ, রাজ্যের নানা ধরনের জিনিসপত্র নিয়ে মেলা শুরু হয়েছে। জানা গিয়েছে, মেলার স্টল বুক করার জন্য এবার একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেই সকলে স্টল নিয়েছেন। যেহেতু প্রতিবার এই মেলায় বাংলাদেশ আসে, তাই বাংলাদেশের সাত থেকে আটটি স্টলের জন্য আবেদন জমা পড়েছিল। ওই ব্যবসায়ীরা টাকাও জমা দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে বাংলাদেশ স্টল করলে মেলায় সমস্যা দেখা দিতে পারে, এই আশঙ্কা করেছিল বরাত পাওয়া সংস্থাটি। কিছুদিন আগে আবেদনকারী বাংলাদেশিদের জানানো হয়েছিল, এই অবস্থায় না আসতে। নিষেধ করায় অবশ্য ঩কোনও বাংলাদেশি মেলায় স্টল দেননি। কয়েকজন টাকা ফেরত নিলেও সকলে ফেরত নেননি। সংস্থার পক্ষ থেকে একজন বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশিরা স্টল করলে অশান্তি, গণ্ডগোল হতে পারে। সেই ঝামেলার জন্য আমরা আসতে বারণ করেছি। যাঁরা নগদে টাকা দিয়েছিলেন, তাঁদের অনেকেই এখনও টাকা ফেরত নেয়নি। আমরা বলেছি, সকলে যেন টাকা ফেরত নিয়ে যায়।
সম্পর্কিত সংবাদ