বাঁধবিরোধী বিক্ষোভে উত্তাল অরুণাচল
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইটানগর : প্রস্তাবিত আপার সিয়াং বাঁধের বিরুদ্ধে বিক্ষোভ। এর জেরে শুক্রবার রাতে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার পাসিঘাটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সূত্রের খবর,  বিক্ষোভ শনিবার ভোর ৪টে পর্যন্ত চলে। বিক্ষোভকারীরা বিধায়ক নিনং এরিং ও ওনি পাংইয়াং এবং বিজেপির রাজ্য সভাপতি কলিং মোয়ংয়ের বাড়ি ও আবাসিক কমপ্লেক্সে ভাঙচুর চালায় বলে অভিযোগ।  পাসিঘাটের একাধিক জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও খবর। সূত্রের খবর, বিক্ষোভকারীরা এনএইচপিসি-র স্থানীয় দপ্তরেও আগুন ধরিয়ে দেয়। পাসিঘাট থানার কয়েকটি অংশেও হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার আপার সিয়াং জেলার গেকুতে বন্‌ধ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয় বলে অভিযোগ। এতে চার মহিলা আহত হন।

Advertisement