মুম্বই, ২৯ নভেম্বর: এবার ইডির নজরে শিল্পপতি তথা অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। এর আগে পর্নোগ্রাফি কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। সেই মামলায় দু’মাস জেলও খাটেন তিনি। এবার আর্থিক কেলেঙ্কারির মামলাতেও ইডির র্যাডারে রাজ কুন্দ্রা। আজ, শুক্রবার মুম্বইতে রাজের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। শুধু তাঁর বাড়ি নয়, তাঁর সহযোগীদের বাড়ি ও অফিসেও ইডি তল্লাশি চালিয়েছে বলে সূত্রের খবর। পর্নোগ্রাফি কাণ্ডের সঙ্গেই জড়িয়ে রয়েছে আর্থিক কেলেঙ্কারির মামলাটি। ২০২১ সালের জুন মাসে পর্নোগ্রাফি কাণ্ডে রাজকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিস। দু’মাস জেলেও ছিলেন তিনি। তারপর ওই বছরেই সেপ্টেম্বর মাসে জামিন পান শিল্পার স্বামী। পর্নোগ্রাফি কাণ্ডে রাজ কুন্দ্রাকে মূলচক্রী হিসেবে চিহ্নিত করে মুম্বই পুলিস। এই ঘটনার তদন্তে নেমে একটি বিশেষ অ্যাপ তথা ওটিটি প্ল্যাটফর্মের সন্ধান পায় তদন্তকারীরা। তদন্তে জানা যায়, ওই অ্যাপে তথা ওটিটি প্ল্যাটফর্মটির মালিক ছিলেন রাজ। যাতে পর্নোগ্রাফি ভিডিও দেখানো হতো। অভিযোগ, রাজ নিজে এইধরনের ছবি তৈরি করতেন। পরে সেটা বিক্রিও করতেন। শুধুই এই পর্নোগ্রাফি কাণ্ড নয়, বিটকয়েন কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে মুম্বইয়ের এই শিল্পপতির। চলতি বছরের শুরুতেই রাজ এবং শিল্পার ৯৮ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল ইডি ।



