বেঙ্গালুরু: জেনারেশন নেক্সট। আপাতত আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকরা সামনের দিকেই তাকাতে চাইছেন। রোহিত শর্মাকে সরিয়ে আগেই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ধোনির জায়গায় চেন্নাই সুপার কিংসের নেতৃত্বভার পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। শ্রেয়স আয়ার দল ছাড়লেও কলকাতা নাইট রাইডার্স এখনও নতুন অধিনায়কের নাম জানায়নি। তবে কোনও তরুণ তুর্কির হাতেই এই গুরুদায়িত্ব সঁপে দিতে চান শাহরুখ, জুহিরা। এই জল্পনার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাফ ডু’প্লেসির জায়গায় এবার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব সামলাবেন রজত পাতিদার। আরসিবি’র এই ঘোষণা রীতিমতো চমকপ্রদ। কারণ, ৩১ বছর বয়সি রজত আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে জমি শক্ত করতে পারেননি। ঘরোয়া ক্রিকেটেও তেমন জনপ্রিয় নন। আইপিএলের সুবাদে কিছুটা পরিচিত। তাঁর মতো ক্রিকেটারের হাতে নেতৃত্বভার তুলে দেওয়ার সিদ্ধান্তে অনেকেই হতবাক। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কোহলি থাকতে রজত কেন? এই ব্যাপারে আরসিবি কর্তাদের যুক্তি, বিরাটকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি হননি। বিকল্প হিসেবে রজতকেই যোগ্য মনে হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের ধারণা, খাতায় কলমে রজত ক্যাপ্টেন হলেও মাঠে কোহলির ইশারাতেই চলবে সবকিছু। গত মরশুমে যে ভূমিকায় দেখা গিয়েছিল ধোনিকে।
Advertisement
এদিকে, রজতকে শুভেচ্ছা জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, ‘আগামী দিন তোমার ভালো কাটুক। গোটা দেশ জুড়ে বহু সমর্থক রয়েছে তোমার। তারা খুশি আজকের এই খবরে। আমি এবং দলের বাকিরা সব সময় তোমার পাশে থাকব। এটা এক বড় দায়িত্ব। আশা করব, আরসিবি’কে নতুন উচ্চতায় তুলে ধরতে সফল হবে।’



