নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: তুলসী অধিকারীকে খুনের অভিযোগে ধৃত বারাকপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা কাউন্সিলার রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে শনি ও রবিবার তিন ঘণ্টা করে প্যারোলে ছাড় দিলেন বিচারক। আজ, শনিবার তাঁর স্ত্রীর ঘাট-কাজ। রবিবার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে। সেই কারণে অভিযুক্তের অনুরোধকে মান্যতা দিয়ে বিচারক প্যারোলের আবেদন মঞ্জুর করেন। বর্তমানে ধৃত কাউন্সিলার খড়দহ থানায় পুলিশ হেপাজতে রয়েছেন। সোমবার তাঁকে ফের বারাকপুর এসিজেএম আদালতে তোলা হবে। ইতিমধ্যে নিহত তুলসী অধিকারীর পরিবারের তিন সদস্যের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।এদিকে, যে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে গত রবিবার মণিরামপুরে গোলমাল হয়েছিল, তা নিয়ে শুক্রবার উত্তর বারাকপুর পুরসভায় বিশেষ বোর্ড মিটিং হয়। এদিন ওই বিতর্কিত বাড়ি নিয়ে শুনানির জন্য দু’পক্ষকেই পুরসভায় ডাকা হয়েছিল।
আগামী সাত দিনের মধ্যে ওই বাড়ির প্ল্যান জমা দিতে বলা হয়েছে মালিক মিঠু বন্দ্যোপাধ্যায়কে। তিনি এদিন না এলেও তাঁর আইনজীবী এসেছিলেন। নিহত তুলসী অধিকারীর পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন।বোর্ড মিটিং শেষে পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, ‘জয়ন্ত অধিকারী অভিযোগ জানানোর পর গত ২৬ ডিসেম্বর পুরসভার ইঞ্জিনিয়াররা ওই বাড়ির নির্মাণ খতিয়ে দেখেন। গোটা বাড়ির সরেজমিনে তদন্ত হয়। দেখা গিয়েছে, বাড়িটির দোতলা পর্যন্ত প্ল্যান অনুমোদন থাকলেও একতলা বাড়ানো হয়েছে। যতটা ছাড় দেওয়া উচিত, তাও দেওয়া হয়নি। ওই বাড়ির প্লান অনুমোদন হয়েছিল ২০২৩ সালে। ওই প্ল্যানের কার্যকারিতা শেষ হয়ে গিয়েছে। সাত দিনের মধ্যে প্ল্যান নিয়ে আসতে বলা হয়েছে। তখনই পুরসভা সিদ্ধান্ত জানিয়ে দেবে।’ তবে পুরসভা সূত্রে খবর, এদিন বোর্ড মিটিংয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের গ্রেপ্তারির প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা হয়নি।