Bartaman Logo
২৭ মে, ২০২৬

আরও বিপাকে অল্লু অর্জুন! দক্ষিণী তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কংগ্রেস নেতার

আরও বিপাকে অল্লু অর্জুন! দক্ষিণী তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কংগ্রেস নেতার
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
হায়দরাবাদ, ২৪ ডিসেম্বর: আরও বিপাকে অভিনেতা অল্লু অর্জুন। ফের পুলিসের জালে জড়ালেন দক্ষিণী এই তারকা। এবার পুলিসকে অপমান! অল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় এমনটাই অভিযোগ দায়ের করলেন তেলেঙ্গানার  কংগ্রেস নেতা থিনমার মালান্না। অল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাতে পুলিস ফোর্সকে অপমান করার একটি দৃশ্য রয়েছে। তাতেই আপত্তি তুলেছেন ওই কংগ্রেস নেতা। সেই কারণে অল্লু সহ সিনেমার পরিচালক সুকুমার ও প্রযোজকদের বিরুদ্ধেও মেডিপল্লি থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
Advertisement
এমনিতেই সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় বিপাকে পড়েছেন অল্লু। তার মাঝেই কংগ্রেস নেতার এই অভিযোগের জেরে অস্বস্তি আরও বাড়ল ‘পুষ্পা রাজ’-এর। ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাতে একটি নির্দিষ্ট দৃশ্য নিয়েই আপত্তি রয়েছে ওই কংগ্রেস নেতার। দৃশ্যটিতে দেখানো হয়েছে, এক পুলিস আধিকারিক যখন সুইমিং পুলে রয়েছেন তাতে প্রস্রাব করছেন অল্লু ওরফে রিললাইফের ‘পুষ্পা’। কংগ্রেস নেতার দাবি, এই দৃশ্য দেখিয়ে সমগ্র পুলিসবাহিনীকে অপমান করা হয়েছে। তাই অভিনেতা অল্লু, পরিচালক সুকুমার ও প্রযোজকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
অপরদিকে আজ, মঙ্গলবার সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অল্লুকে ডেকে পাঠায় হায়দরাবাদ পুলিস। সেই মতো এদিন চিক্কাডপল্লি থানায় হাজিরা দিয়েছেন তিনি।
সম্পর্কিত সংবাদ