Bartaman Logo
২৭ মে, ২০২৬

আর্জি নাকচ, নাতির হেফাজত পেলেন না অতুল সুভাষের মা 

আর্জি নাকচ, নাতির হেফাজত পেলেন না অতুল সুভাষের মা 
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: চার বছরের নাতিকে নিজের কাছে রাখতে চাই। এই আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেঙ্গালুরুর মৃত তথ্যপ্রযুক্তি কর্মী অতুল সুভাষের মা অঞ্জু মোদি। কিন্তু মঙ্গলবার সেই আবেদনে সম্মতি দিল না দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ জানায়, শিশুটি তাঁর ঠাকুমার সঙ্গে খুবই কম সময় কাটিয়েছে। তাই নাতির সঙ্গে তাঁর ঠিক মতো পরিচিতি গড়ে ওঠেনি। সেজন্য অঞ্জু মোদির আর্জি মেনে নেওয়া যাচ্ছে না। তাছাড়া শিশুর মা নিকিতা সিংহানিয়া এখনও জীবিত। স্বামীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় তিনি এখনও দোষী প্রমাণিত হননি। ইতিমধ্যেই অতুলের সন্তান কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অঞ্জু মোদি।  এদিন  নিকিতার আইনজীবী জানান, হরিয়ানার ফরিদাবাদের একটি বোর্ডিং স্কুলে রয়েছে ওই শিশু। তাকে বেঙ্গালুরুতে আনার ব্যবস্থা করা হচ্ছে। জামিনের শর্ত অনুযায়ী এখন বেঙ্গালুরুতেই থাকতে হবে নিকিতাকে। তাই সন্তান যেন মায়ের কাছে থাকতে পারে, সেই আবেদনও জানান তিনি। উল্লেখ্য, ডিসেম্বর মাসে বেঙ্গালুরুতে অতুল সুভাষের দেহ উদ্ধার হয়। স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছিলেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ