গত ফেব্রুয়ারিতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এসেছিলেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। অরিজিৎ সিংয়ের সঙ্গে স্কুটিতে করে ঘুরতেও দেখা গিয়েছিল তাঁকে। জল্পনা ছিল তখন থেকেই। অবশেষে সেই জল্পনাতে সিলমোহর দিলেন এড। জানা গিয়েছে, পরের অ্যালবামে অরিজিতের সঙ্গে জুটি বাঁধছেন এড। দুই তারকার এমন যুগলবন্দির খবরে আলোড়ন পড়েছে অনুরাগী মহলে। সদ্য এক সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটিশ পপ তারকা। সেখানে তিনি অরিজিতের সঙ্গে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি সাম্প্রতিক ভারতভ্রমণের কথাও জানিয়েছেন। চলতি বছর শুরুতেই ভারত সফরে আসেন সঙ্গীতশিল্পী। তখন জিয়াগঞ্জে এসে অরিজিতের সঙ্গে দেখা করেন। তারপরই দুই তারকার একসঙ্গে কাজের জল্পনা শুরু হয়। কবে সেই অ্যালবাম প্রকাশ্যে আসবে, এবার তার অপেক্ষায় শ্রোতারা।



