Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

আর্চারের বিধ্বংসী স্পেল, ব্যর্থ অভিষেক-হেড জুটি, বৈভব ঝড়ে বাজিমাত রাজস্থানের

বিস্ময় কিশোরের তাণ্ডবে চুরমার সানরাইজার্স হায়দরাবাদ। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অল্পের জন্য ভাঙতে না পারলেও বুধবার এলিমিনেটরে তফাত গড়ে দিল বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ৯৭।

আর্চারের বিধ্বংসী স্পেল, ব্যর্থ অভিষেক-হেড জুটি, বৈভব ঝড়ে বাজিমাত রাজস্থানের
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

মুল্লানপুর: বিস্ময় কিশোরের তাণ্ডবে চুরমার সানরাইজার্স হায়দরাবাদ। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অল্পের জন্য ভাঙতে না পারলেও বুধবার এলিমিনেটরে তফাত গড়ে দিল বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ৯৭। বাঁ-হাতির দাপটেই টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে তোলে ২৪৩। জবাবে ১৯.২ ওভারে সানরাইজার্সের সংগ্রহ ১৯৬। রিয়ান পরাগরা জেতেন ৪৭ রানে। ফাইনালে ওঠার জন্য শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের মুখোমুখি রাজস্থান।

Advertisement

ম্যাচের প্রথমার্ধ পুরোটাই বৈভবের। মাত্র ২৯ বলে চোখ কপালে তোলার মতো ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে ১২টা ছক্কা ও পাঁচটা চার মারে সে। কোটিপতি লিগের ইতিহাসে এক মরশুমে আর কেউ তিনবার কোনো ইনিংসে দশ বা তার বেশি ছক্কা মারেননি। বৈভবই একমাত্র! ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইলের আইপিএলে ছক্কা মারার রেকর্ডও (৫৯) টপকে গেল সে (৬৫)। গেইলের ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙতে না পারা যদিও দুর্ভাগ্যজনক। তবে আইপিএলে কোনো মরশুমে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ৬০০ রানের নজির গড়ে ‘ইউনিভার্সাল বেবি বস’। 
যশপ্রীত বুমরাহ, জস হ্যাজলউডকে এবারের আসরেই বৈভবের সামনে অতি সাধারণ দেখিয়েছে। এদিন প্যাট কামিন্সের বিরুদ্ধে এল ছক্কার হ্যাটট্রিক। ১৬ বলে পূর্ণ হাফ-সেঞ্চুরি। সেটাও পাওয়ার প্লে’র মধ্যে। আইপিএলে যা তার পঞ্চম হাফ-সেঞ্চুরি। এর প্রতিটাই এসেছে প্রথম ছয় ওভারে। এই রেকর্ডে সামনে শুধু ডেভিড ওয়ার্নার (৬)। বৈভবের দাপটে পাওয়ার প্লে শেষে রাজস্থানের বিনা উইকেটে তোলে ৮০। প্রফুল হিঞ্জের বলে ক্যাচ তুলে সে আউট হওয়ার সময় স্কোর আট ওভারে ১২৫। যশস্বী জয়সওয়াল (২৯) নিষ্প্রভ থাকলেও আগ্রাসী থাকেন ধ্রুব জুরেল। ২১ বলে পাঁচটা চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫০ করেন তিনি। ক্যাপ্টেন রিয়ান পরাগও (১২ বলে ২৬) ঝড় তোলেন। হায়দরাবাদের সফলতম বোলার হিঞ্জে (৩-৫৪)। তবে ক্যাপ্টেন কামিংস চার ওভারে দেন ৬৪। একসময় মনে হচ্ছিল অনায়াসে আড়াইশো পেরিয়ে যাবে রাজস্থান। কিন্তু তার আগেই থামে তারা।
২৪৪ তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় হায়দরাবাদ। দ্বিতীয় বলেই আউট অভিষেক শর্মা (০)। ঈশান কিষান (১১ বলে ৩৩), ট্রাভিস হেডও (৮ বলে ১৭) বেশিক্ষণ থাকেননি। তিনটি উইকেটই জোফ্রা আর্চারের। তিনটি ক্যাচও ধরেন তিনি। নীতীশ রেড্ডি (৩৮), সলিল অরোরা (৩৫), শিবাঙ্গ কুমাররা (২৭) চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। আর্চার (৩-৫৮) ছাড়াও বল হাতে সফল রবীন্দ্র জাদেজা (২-২১), সুশান্ত মিশ্র (২-২১), নান্দ্রে বার্গাররা (২-২৬)।

সম্পর্কিত সংবাদ