নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপে আগামী মঙ্গলবার ফের মাঠে নামছে মোহন বাগান। যুবভারতীতে পানোস ব্রিগেডের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড। তবে ম্যাচের আগে আপুইয়াকে নিয়ে উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্ট। মিজো ফুটবলার রবিবার অনুশীলন করেননি। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে অনিশ্চিত তিনি। গত মরশুমে হ্যামস্ট্রিংয়ের চোট ভুগিয়েছে আপুইয়াকে। আইএসএলে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। মরশুম সবে শুরু। প্রি-সিজন চলছে পুরোদমে। তার উপর অল্প কয়েকদিনের প্রস্তুতিতে ডার্বি খেলতে হয়েছে। পায়ের পেশিতে চাপ পড়া স্বাভাবিক। তবে মোহন বাগান থিঙ্কট্যাঙ্কের ধারণা, কিছুদিন বিশ্রাম পেলেই ফিট হয়ে যাবেন আপুইয়া। সামনে লম্বা মরশুম। তাই আপুইয়াকে নিয়ে অহেতুক তাড়াহুড়োয় নারাজ তারা।



