Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ইতিহাসের পাঠ্যক্রমে স্থান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে জানানো হবে আবেদন, আজ পালিত হবে বালুরঘাট দিবস

১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর, বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের প্রথম জাতীয় পতাকা তোলেন স্বাধীনতা সংগ্রামীরা।

ইতিহাসের পাঠ্যক্রমে স্থান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে জানানো হবে আবেদন, আজ পালিত হবে বালুরঘাট দিবস
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর, বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের প্রথম জাতীয় পতাকা তোলেন স্বাধীনতা সংগ্রামীরা। ভারত ছাড়ো আন্দোলনের সেই ঘটনা তৎকালীন ইংরেজ শাসকের ভিত নাড়িয়ে দিয়েছিল। সেই ইতিহাসকে স্মরণে রাখতে প্রতিবছর ১৪ সেপ্টেম্বর দিনটিকে ‘বালুরঘাট দিবস’ হিসাবে পালন করা হয়। সোমবার এই আয়োজন করেছে বালুরঘাট দিবস উদযাপন কমিটি। এই উদ্যোগে প্রশাসনের কর্তারাও যোগদান করবেন বলে জানা গিয়েছে। তার আয়োজন চলছে। 

Advertisement

বালুরঘাট দিবস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চাকি বলেন, প্রথমে ডাঙ্গিতে শহীদ বেদীতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর জেলা প্রশাসনিক ভবনের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। পরে জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
বালুরঘাটের বিশিষ্ট শিক্ষক তথা ইতিহাসবিদ সমিত ঘোষ বলেন, ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন বালুরঘাটের একটা মাইলস্টোন। সেই সময় গণ আন্দোলনে গোটা বালুরঘাট দখল হয়ে যায়। 
ট্রেজারি বিল্ডিং সহ নানা প্রশাসনিক ভবন দখল নেন আন্দোলনকারীরা। ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের পতাকা তোলা হয়। কিন্তু আমাদের আক্ষেপ, স্কুলের পাঠ্যক্রমে আজও এই ইতিহাস তুলে ধরা হয়নি। স্কুল, কলেজের পাঠক্রমে যাতে এই ইতিহাস থাকে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাবো।
১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর বালুরঘাটে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টপাধ্যায়, শৈলেন দাস, বিশ্বরঞ্জন সেন, পুলীন বিহারী দাশগুপ্ত সহ অন্যান্যরা। তার আগে ১৩ সেপ্টেম্বর রাত থেকে বালুরঘাটের ডাঙ্গী গ্রামে প্রায় দশ হাজার মানুষ জমায়েত হন। শুরু হয় ট্রেজারি বিল্ডিং অভিযান। সেই অভিযানে ১৪ সেপ্টেম্বর রাতে স্বতঃস্ফূর্ত আন্দোলনে ইংরেজ সরকারের ভিত নড়ে যায়। বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা সংগ্রামীরা। 
১৪ আগষ্টের সেই ঘটনার পর বালুরঘাট তিনদিনের জন্য ব্রিটিশ শাসনমুক্ত হলেও রেহাই পাননি আন্দোলনকারীরা। এই ইতিহাস আগামীতে যাতে পাঠক্রমে লিপিবদ্ধ হয় তার দাবি তুলেছেন  বালুরঘাটের বিশিষ্ট ব্যক্তিরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ