নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভিন জেলা থেকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এলে আর থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হবে না। রাজ্য সরকারের উদ্যোগে চন্দননগরে চালু হল অতিথি নিবাস। কেএমডিএ পার্কে আন্তর্জাতিক মানের ওই নিবাস চালু হয়েছে।
Advertisement
বুধবার একটি অনুষ্ঠানে এসে এ কথা জানান রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল সেন। তিনি বলেন, ‘এই অতিথি নিবাস বাংলার মানুষের জন্য চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার। এবার আর বাইরে থেকে পুজো ও শোভাযাত্রা দেখতে এলে কোথায় থাকবেন তা নিয়ে চিন্তা করতে হবে না। তিনতারা সুবিধাযুক্ত অতিথি নিবাস তৈরি হয়েছে।’ পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি উপহারের কথাও জানিয়েছেন। অতীতে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার দিন চন্দননগরের একাধিক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতো। প্রতিমার আকার বড় এবং উচ্চতাও বড় বলে শোভাযাত্রা নিয়ে যেতে বিদ্যুতের তার কেটে দিতে হতো। মন্ত্রী এদিন বলেন, ‘এবার বহু কোটি টাকা ব্যয় করে বিদ্যুৎবাহী তার ভূগর্ভস্থ করা হয়েছে। এর ফলে চন্দননগরের একটি বড় অংশে আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সমস্যা থাকবে না। সামনের বছর থেকে গোটা চন্দননগরজুড়েই শোভাযাত্রার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা ঘটবে না।’ প্রসঙ্গত চন্দননগরে বিশ্বখ্যাত জগদ্ধাত্রী পুজো এবং পুজোর ভাসান উৎসব বহু বছর ধরে চলে আসছে। কিন্তু পর্যটকদের জন্য চন্দননগরে থাকার উপযুক্ত সরকারি ব্যবস্থা ছিল না। আবার বেসরকারি ব্যবস্থাও পর্যাপ্ত ছিল না। এবার অতিথি নিবাস হওয়ায় সে সমস্যা অনেকাংশে দূর হবে বলে মনে করছে মানুষ।



