Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আন্তর্জাতিক গ্লাস কংগ্রেস শহরে

আন্তর্জাতিক গ্লাস কংগ্রেস শহরে
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশযানে ব্যবহার করতে হয় এক বিশেষ প্রযুক্তির অপটিকাল গ্লাস বা কাচ। সেটা প্রচুর টাকা দিয়ে আমদানি করতে হতো জার্মানির একটি সংস্থা থেকে। বর্তমানে প্রায় সমমানের কাচ তৈরি হচ্ছে ভারতেই। ইসরোর কাছে তা সরবরাহও করা হচ্ছে। ফলে কমেছে মহাকাশ অভিযানের খরচও। এই প্রযুক্তি উদ্ভাবনের পিছনে রয়েছে যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। তারা বুলেট প্রুফ গাড়ির জন্য আর্মার্ড গ্লাসও তৈরি করছে। সাধারণ বুলেটপ্রুফ কাচের তুলনায় তা অর্ধেক পুরু। এর ফলে সেগুলির ওজন কমছে। সাঁজোয়া গাড়ির জ্বালানিরও সাশ্রয় হচ্ছে এই কারণে। এমনকী, তেজস্ক্রিয়তারোধী বিশেষ কাচও পরমাণু সংস্থাগুলির জন্য তৈরি করছে তারা। প্রচারের আড়ালে এত গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে কলকাতার এই প্রতিষ্ঠানটি। এবার তারাই পেল ২৭তম আন্তর্জাতিক গ্লাস কংগ্রেস আয়োজনের দায়িত্ব। ১৯৮৬ সালের পরে কলকাতায় এই কনফারেন্সের আয়োজন আর হয়নি। ১৭ থেকে ১৯ জানুয়ারি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই কনফারেন্স চলবে। আসছেন কাচের জগতের দেশ-বিদেশের সেলেব্রিটি বক্তারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ