Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্তঃজেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে দুর্ধর্ষ জয় বর্ধমানের

আন্তঃজেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে দুর্ধর্ষ জয় বর্ধমানের
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে অফ স্পিনার সুমিত যাদবের অসাধারণ বোলিং নৈপুণ্যে বীরভূমের বিরুদ্ধে দাপুটে জয় পেল বর্ধমান। মাত্র একদিনেই দু’দিনের ম্যাচ শেষ হল। বীরভূমকে তারা ৮ উইকেটে হারিয়ে দেয়। এই জয়ের সুবাদে গ্রুপের দু’টি খেলায় জিতে পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করল বর্ধমান। গ্রুপের প্রথম খেলায় দক্ষিণ দিনাজপুরকে খুব সহজেই হারায় বর্ধমান। বৃহস্পতিবার বর্ধমান শহরের রাধারানি স্টেডিয়ামে বীরভূমের বিরুদ্ধে তাদের দু’দিনের ম্যাচ শুরু হয়। মাত্র ২৫.৪ ওভারে ৯২ রানে বীরভূমের ইনিংস গুটিয়ে যায়। দক্ষিণ দিনাজপুরের বিরুদ্ধে একটি ম্যাচে বীরভূম দলের অধিনায়ক অগ্নিশ্বর দাস ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু, কলকাতায় খেলা থাকায় এদিন তাঁকে ছাড়াই দল নামায় বীরভূম। বীরভূমের ইনিংসে রঙ্কিত সেনগুপ্ত দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন। তাঁর ১৮ বলের ইনিংস ৩টি ওভার বাউন্ডারি ও সমসংখ্যক বাউন্ডারি দিয়ে সাজানো। এছাড়াও ওপেনার কৌস্তভ রায় ২৮ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দু’অঙ্কের রান করতে পারেননি। সুমিত ১২.৪ ওভার বল করে দু’টি মেডেন সহ ৫৪ রান দিয়ে ৮টি উইকেট নেন। বাকি দু’টি উইকেট নেন অভিজিৎ সেন ও জগমোহন গুপ্ত। রান তাড়া করতে নেমে ১৪.৪ ওভারে ২ উইকেট খুইয়ে ৯৪ রান তুলে ম্যাচ জিতে নেয় বর্ধমান। আদর্শ খাইরা ৩৩ রান করে অপরাজিত থাকেন। দেবদীপ বিশ্বাস ২২ রান করেন। ম্যাচের সেরা সুমিত।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ