নয়াদিল্লি: এ-ফোর সাইজের দু’টি সাদা-কালো পোস্টার। সেখানে লেখা, ‘অসন্তুষ্ট? আপনি একা নন।’ কিউআর কোডের মাধ্যমে সাধারণ মানুষকে একটি অনলাইন গ্রুপে যোগদানের আরজি। তার সঙ্গেই বিভিন্ন ইস্যু উত্থাপন করে সরকারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন। যন্তরমন্তর নয়, এই দু’টি পোস্টার উদ্ধার হল দিল্লি মেট্রোর এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের একটি ট্রেন থেকে। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চালাচ্ছে স্পেশাল সেল।
দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, গত ২০ অক্টোবর পোস্টার দু’টি চোখে পড়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) কর্তব্যরত এক ট্রেন অপারেটর তরুণ চৌধুরীর। তিনি পোস্টারগুলি সরিয়ে নিয়ে বিষয়টি জানান ঊর্ধ্বতন আধিকারিক ও অপারেশনস কন্ট্রোল সেন্টারে। জানানো হয় পুলিশকেও। কে বা কারা পোস্টারগুলি মেট্রো রেলের ট্রেনে লাগালো, তা শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।



