নয়াদিল্লি: আগেই ঘোষণা করা হয়েছিল। সেইমতো মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিশে গেল ভিস্তারা। গোটা প্রক্রিয়া মসৃণভাবে শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ফলে হারিয়ে গেল ‘ভিস্তারা’র অস্তিত্ব। এই সংযুক্তিকরণের পরে এয়ার ইন্ডিয়া মোট ৯০টি’র বেশি গন্তব্যে সপ্তাহে অন্তত ৫,৬০০ উড়ান চালাবে বলে জানা গিয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে সরকারের হাত থেকে এয়ার ইন্ডিয়ার রাশ নিজেদের হাতে নেয় টাটা গোষ্ঠী। এর কয়েক মাস পরে নভেম্বরে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারাকে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা প্রকাশ্যে আনে তারা।



