বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ শীঘ্রই, রাজ্যে তেমন প্রভাব নয়
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে ১৩ নভেম্বর নাগাদ ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদরা মনে করছেন, আপাতত এর প্রভাব রাজ্যের উপর পড়বে না। নিম্নচাপটি এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরই থাকবে। বঙ্গোপসাগরের ওই অংশ থেকে অন্ধ্র-তামিলনাড়ু উপকূল কাছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, ১৩ তারিখ থেকে রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ৯-১২ নভেম্বর (সোম-বৃহস্পতিবার) পর্যন্ত দক্ষিণবঙ্গে কলকাতায় এবং কয়েকটি জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং উত্তর-পশ্চিমি শুষ্ক বাতাসের সঙ্গে ঘটবে তার সংঘাত। ফলে ওইসময় কোনো কোনো জায়গায় তৈরি হবে বৃষ্টির মেঘ।

Advertisement

পশ্চিমি শুষ্ক বাতাস দক্ষিণবঙ্গে সক্রিয় হওয়ায় কলকাতায় এবং বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল পুরুলিয়ায় (১৯.৪ ডিগ্রি)। রাজ্যের সমতল এলাকার মধ্যে উত্তরবঙ্গের কোচবিহারে সবথেকে কম (১৭.৮ ডিগ্রি) রেকর্ড হয়েছে। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ২৩.২ ডিগ্রি হয়। আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বরে এইসময়ে সর্বনিম্ন তাপমাত্রা কমার কারণে ভোর ও রাতের দিকে কিছুটা হালকা শীতের ছোঁয়া অনুভূত হয়। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা এখন মোটামুটি ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই আছে।