Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশিকে জেরা করে আরও এক ভারতীয় ধৃত

জাল ভারতীয় নথি তৈরির অপরাধে এক যুবককে গ্রেপ্তার করল হলদিবাড়ি থানার পুলিস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়ি ব্লকজুড়ে।

বাংলাদেশিকে জেরা করে আরও এক ভারতীয় ধৃত
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি: জাল ভারতীয় নথি তৈরির অপরাধে এক যুবককে গ্রেপ্তার করল হলদিবাড়ি থানার পুলিস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়ি ব্লকজুড়ে। ধৃতের নাম সাদেকুল রহমান। তার বাড়ি হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের পশ্চিম হেমকুমারীর ফকিরপাড়ায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি জাল আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য নথিপত্র। 

Advertisement

প্রসঙ্গত, গত রবিবার চ্যাংরাবান্ধা ইমিগ্ৰিয়েশন চেকপোস্ট থেকে এক বাংলাদেশিকে গ্ৰেপ্তার করে মেখলিগঞ্জ থানার পুলিস। ধৃত বাংলাদেশির নাম উজ্জ্বল ইসলাম ওরফে জিয়ারুল হক। সে ১০ বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল জাল ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট, পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথি‌। মিলেছিল বাংলাদেশের ভোটার কার্ডও। তাকে জিজ্ঞাসাবাদের পর হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের চৈতুর মোড় এলাকার যুবক ফিরোজ সরকারের নাম উঠে আসে। ওই ভারতীয় নাগরিককেও গ্ৰেপ্তার করে মেখলিগঞ্জ থানার পুলিস। সোমবার ওই দু’জনকে আদালতে তোলা হলে আদালত তাদের পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয়। উজ্জ্বল ও ফিরোজকে জিজ্ঞাসাবাদের পরই মঙ্গলবার হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের সিঞ্জারহাট থেকে সাদেকুলকে হলদিবাড়ি থানার পুলিস গ্রেপ্তার করে। রাতে তাকে হলদিবাড়ি থানা থেকে মেখলিগঞ্জ থানায় নিয়ে যায় পুলিস। 
মেখলিগঞ্জ থানার এক পুলিস অফিসার জানিয়েছেন, ধৃত বাংলাদেশি উজ্জ্বলকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা বিনিময়ে ফিরোজ সরকার ও সাদেকুল রহমান জাল আধার কার্ড, ভোটার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথি তৈরি করে দিয়েছিল। 
এ বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই বলেন, রবিবার এক বাংলাদেশি সহ এক ভারতীয়কে গ্ৰেপ্তার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের পরে সাদেকুল রহমান নামে এক ভারতীয় নাগরিকের নাম উঠে আসে। তারই ভিত্তিতে মঙ্গলবার রাতে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর পিছনে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ