নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রায়গঞ্জ নয়, অনিকেত মাহাতকে পোস্টিং দিতে হবে আর জি কর হাসপাতালেই। দু’সপ্তাহের মধ্যে। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবালের উদ্দেশে বিচারপতি জে মাহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চের প্রশ্ন, ‘অন্যদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনে তালিকা তৈরি হলেও অনিকেতের বেলায় ব্যতিক্রম কেন?’ জবাবে সিবালের যুক্তি, ‘একজন সরকারি কর্মী বা চিকিৎসক, নিজের পছন্দমতো জায়গা বেছে নিতে পারেন না।’ সুপ্রিম কোর্ট পালটা প্রশ্ন করে, ‘কিন্তু মেধার ভিত্তিতে তো পোস্টিং হবে?’ এর কোনও উত্তর দিতে পারেনি রাজ্য। তাই শীর্ষ আদালত জানিয়ে দেয়, রায়গঞ্জ নয়, অনিকেতকে পোস্টিং হবে আর জি করেই।



