নয়াদিল্লি: আন্দামানে মাছ ধরার ট্রলারে মিলল ৬ হাজার কেজি নিষিদ্ধ মাদক। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জলপথে এতো বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা এই প্রথম। ট্রলারে থাকা ছ’জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতরা মায়ানমারের বাসিন্দা। প্রাথমিক তদন্তের পর অনুমান, ভারত ও তার প্রতিবেশী দেশগুলিতে এই মাদক পাচারের চেষ্টায় ছিল অভিযুক্তরা। ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পুলিসকে বিষয়টি জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী। যৌথভাবে এই ঘটনার তদন্ত করবে তারা।
Advertisement
সূত্রের খবর, ২৩ নভেম্বর আন্দামানে বঙ্গোপসাগরের উপর টহলদারি চালাচ্ছিল উপকূলরক্ষী বাহিনীর বিমান। তখনই ট্রলারটি পাইলটের নজরে আসে। সেটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১৫০ কিমি দূরে ব্যারেন দ্বীপের কাছে ঘুরছিল। ট্রলারের গতিবিধি দেখে তাঁর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। সংশ্লিষ্ট ট্রলারটিকে গতি কমাতে বলা হয়। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় উপকূলরক্ষী বাহিনীর প্যাট্রলিং ভেসেল। ট্রলারে তল্লাশি চালিয়ে ৬ হাজার কেজি মেটামফেটামিন উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মোট ৩ হাজার প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে। প্রত্যেকটি প্যাকেটে ২ কেজি মাদক ভরা ছিল। পরে ট্রলারটিকে আটক করে পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া হয়। জলপথে মাদক পাচারে চেষ্টা এই প্রথম নয়। ২০১৯ ও ২০২২ সালে বিদেশি জাহাজ থেকে একাধিকবার মাদক উদ্ধার করা হয়েছে।



