Bartaman Logo
২৭ মে, ২০২৬

আন্দোলনরত কৃষকদের ১৮দিন জেলে পুরে রেখেছে যোগীরাজ্যের পুলিস

আন্দোলনরত কৃষকদের ১৮দিন জেলে পুরে রেখেছে যোগীরাজ্যের পুলিস
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কার্যত বিনা বিচারে আন্দোলনকারী কৃষকদের ১৮ দিন জেলবন্দি করে রেখেছে যোগীরাজ্যের পুলিস। শুধুমাত্র সরকার বিরোধী আন্দোলন করার জন্য তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা দেওয়া হয়েছে। শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছে সংযুক্ত কিষান মোর্চা। একদিকে যখন হরিয়ানা সরকারকে কাঠগড়ায় তুলে পাঞ্জাব-হরিয়ানা সীমানার আন্দোলনকারী কৃষকরা জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তখন আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ সরকারকে দুষে একইভাবে বিরোধিতার সুর চড়াচ্ছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। উত্তরপ্রদেশের ক্ষেত্রেও একইভাবে নেওয়া হচ্ছে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি। মাসখানেক আগে দিল্লি চলো অভিযান কর্মসূচিতে শামিল হয়েছিলেন উত্তরপ্রদেশের কৃষকদের একটি বড় অংশ। কিন্তু দিল্লি-নয়ডা সীমানার কাছে যোগীরাজ্যের পুলিস-প্রশাসন তাঁদের আটকে দেয়। প্রতিবাদে সীমানা এলাকার পাশেই ধর্না অবস্থানে বসে পড়েন কৃষকরা। অভিযোগ, সেখানে থেকে জোর করে আন্দোলনকারী কৃষকদের তুলে দেওয়া হয়। সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির অভিযোগ, এরপরেই আন্দোলনকারীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া শুরু করেছে যোগীরাজ্যের পুলিস। এই নিয়ে পুলিসকর্তাদের চিঠি পাঠিয়েছে মোর্চা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ