Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঘী পূর্ণিমায় ধনেখালির কাঁকড়াখুলিতে অকাল রথযাত্রা উৎসব

রবিবার মাঘী পূর্ণিমা তিথিতে ধনেখালির কাঁকড়াখুলিতে অনুষ্ঠিত হল অকাল রথযাত্রা।

মাঘী পূর্ণিমায় ধনেখালির কাঁকড়াখুলিতে অকাল রথযাত্রা উৎসব
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: রবিবার মাঘী পূর্ণিমা তিথিতে ধনেখালির কাঁকড়াখুলিতে অনুষ্ঠিত হল অকাল রথযাত্রা। অসময়ের এই রথযাত্রা দেখতে কয়েক হাজার মানুষের ভিড় হয়। আষাঢ় মাসের পরিবর্তে ধনেখালি ব্লকের সমোসপুর-২ পঞ্চায়েতের অন্তর্গত কাঁকড়াখুলি, তেগাছিয়া, ভবানীপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ অপেক্ষা করে মাঘী পূর্ণিমা তিথিতে রথযাত্রার জন্য। প্রায় ৭৫ বছর আগে এই রথের প্রচলন হয়েছিল গ্রামে। তবে তা বছর দশ চলার পর বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে। ২০২০ সালে ফের শুরু হয়েছে এই অকাল রথযাত্রা। আগে গ্রামে বাঁশের তৈরি ছোট্ট রথ ছিল। বর্তমানে মালদহের পলাশি থেকে স্টিলের তৈরি রথে বিরাজ করেন রাধাকৃষ্ণ। স্থায়ী মন্দির রয়েছে রাধাকৃষ্ণের। নিত্যপুজো হয় এখানে। পুজোর আয়োজন বেশি হয় প্রতি পূর্ণিমায়। রথের উচ্চতা প্রায় ২০ ফুট। মাঘী পূর্ণিমার দিন কাঁকড়াখুলি থেকে ভবানীপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই রথ। হাজার হাজার ভক্তের সমাগম হয়। ফলে এটুকু পথ যেতেই সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা।

Advertisement

রথযাত্রার কমিটির সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান, গ্রামের বয়োজ্যেষ্ঠরা প্রায় ৭৫ বছর আগে শুরু করেছিলেন এই অসময়ের রথযাত্রা। শুনেছি সব জায়গায় যা হয় না, সেই রকম নতুন কিছু করার তাগিদ থেকেই তখন শুরু হয়েছিল এটি। তবে আর্থিক সহ অন্যান্য কিছু কারণে শুরুর ১০ বছর পর বন্ধও হয়ে গিয়েছিল রথযাত্রাটি। ২০২০ সাল থেকে আমরা সেটি নতুন করে শুরু করেছি। প্রতি বছর ভক্ত সংখ্যাও বাড়ছে। ভিড় নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সহযোগিতা করে। এই উপলক্ষে আটদিন চলে মেলা। জিলিপি, পাঁপড়ভাজা সহ মেলায় যা কিছু থাকে, সবই মেলে। ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন, সংগীত প্রতিযোগিতা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ