নরক যন্ত্রণার অবসান, পাকা হচ্ছে বেলগাছিয়া বোস কোম্পানি রোড
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বর্ষায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ত গোটা এলাকা। কাদা, জমা জল আর খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হত বাসিন্দাদের। এমনকি, বাড়িতে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢোকার মতো পরিস্থিতি ছিল না। প্রায় পাঁচ দশকের সেই দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে পাকা ঢালাই রাস্তার কাজ শুরু হল শিবপুর বিধানসভার বেলগাছিয়া বোস কোম্পানি এলাকায়। হাওড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে (নতুন ১০ নম্বর ওয়ার্ড) এই রাস্তার কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা।

Advertisement

স্থানীয় বাসিন্দা ইন্দ্রনীল ঘোষ ও সনাতন সিংহের কথায়, বছরের পর বছর ধরে রাস্তা নিয়ে নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাঁদের। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছত যে, বাড়ির বাইরে বেরনোই কঠিন হয়ে পড়ত। কোনো বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স নিয়ে আসার উপায় ছিল না। তাঁদের অভিযোগ, গত লোকসভা ও বিধানসভা ভোটের আগে তৎকালীন শাসকদল তৃণমূল রাস্তা সংস্কারের জন্য একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির এক শতাংশও বাস্তবায়িত হয়নি। সরকার বদলের পর নতুন বিধায়ক রুদ্রনীল ঘোষ রাস্তা সংস্কারের যে আশ্বাস দিয়েছিলেন, তা বাস্তবে রূপ নিতে শুরু করায় খুশি তাঁরা।
শুধু একটি রাস্তা নয়, শিবপুর বিধানসভার একাধিক এলাকায় দীর্ঘ ৩০, ৪০, এমনকি ৫০ বছর পর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর। বেলগাছিয়া বোস কোম্পানি রোডের উপর দিয়ে যাতায়াত করেন সংলগ্ন শিল্পাঞ্চলের বহু শ্রমিক ও ব্যবসায়ী। ফলে রাস্তাটি পাকা হলে তাঁদেরও যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে বলে আশা। সামনেই হাওড়া পুরসভার নির্বাচন। তার আগে দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কার শুরু হওয়ায় এলাকায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তবে শুধু রাস্তা নয়, বিদ্যুৎ ও নিকাশি ব্যবস্থারও স্থায়ী উন্নতি চান বাসিন্দারা। তাঁদের আশা, বাকি সমস্যাগুলিরও দ্রুত সমাধান হবে।