নয়াদিল্লি: ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের আগমনে এখন সরগরম দিল্লি। এই অতিথি অভ্যাগতদের ভিড়ে আলাদা করে নজর কাড়ছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। এমনিতে গলওয়ান পরবর্তী সময়ে সাত বছর পর এই প্রথম তাঁর ভারত সফর। আর তাঁর ব্যক্তিগত ব্যবহারের জন্য চীন থেকে উড়িয়ে আনা হয়েছে একটি কালো কভারে ঢাকা লিমুজিন গাড়িকে। তবে এটি সাধারণ কোনো সেডান গাড়ি নয়, এটি একটি বিশেষ সাঁজোয়া যান। আন্তর্জাতিক সম্মেলন বা দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে বিশ্বনেতারা অন্য দেশে গেলে নিরাপত্তার স্বার্থে অনেকেই নিজেদের বিশেষ বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন। আর চীনা প্রেসিডেন্টের সাধের গাড়িটির নাম হংকি এন৭০১। চীনা ভাষায় ‘হংকি’ শব্দের অর্থ ‘লাল পতাকা’।
গাড়িটির বিশেষত্ব জানলে চোখ কপালে উঠবে বইকি। ১৮ ফুটের এই বিরাট গাড়িটি যেন একটি অতি-সুরক্ষিত চলমান দুর্গ। গাড়িটিতে রয়েছে বুলেটপ্রুফ গ্লাস ও বুলেট-প্রতিরোধী বিশেষ টায়ার। যেকোনো আকস্মিক হামলা বা বিস্ফোরণ থেকে প্রেসিডেন্টকে রক্ষা করার মতো সামরিক গ্রেডের প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে। কোনো কোনো মহল থেকে দাবি করা হয়েছে, রাসায়নিক হামলা বা বিস্ফোরণেও গাড়িটির কোনো ক্ষতি হবে না। তবে গোপনীয়তার কারণে গাড়িটিকে নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতা সংস্থা হংকি। আর এই গোপনীয়তার কারণেই গাড়িটির প্রতি আলাদা আকর্ষণ তৈরি হয়েছে। দিল্লির রাস্তায় ঘুরে বেড়ানো হংকির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকেই।
চীনা প্রেসিডেন্ট এবং প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হয়েছে তাজ প্যালেসে। হোটেলটিকে নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। হোটেল ঘিরে রয়েছে পরমাণু, বিকিরণ এবং বায়োকেমিকেল পরীক্ষার ব্যবস্থা। জানা গিয়েছে, অন্তত ১০ দিন আগে বিশেষ কার্গো বিমানে হংকি গাড়ি সহ সব সরঞ্জাম চীন থেকে আনা হয়েছে।