Bartaman Logo
২৭ মে, ২০২৬

আমিত্ব বিসর্জন না দিলে গর্তে পড়তে হবে, মোদিকে ঘুরিয়ে ঠেস ভাগবতের

আমিত্ব বিসর্জন না দিলে গর্তে পড়তে হবে, মোদিকে ঘুরিয়ে ঠেস ভাগবতের
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
পুনে: ‘মোদি ম্যাজিক’। ‘মোদির পরিবার’। ‘মোদির গ্যারান্টি’। কেন্দ্রে টানা তিন দফার বিজেপি শাসন ‘মোদিময়’। প্রধানমন্ত্রীও পদে পদে দাবি করে থাকেন, অতীতে এদেশে প্রায় কোনও কিছুই হয়নি। বা যা হয়েছে সব ভুল। দেশের সমস্ত উন্নয়ন হয়েছে তাঁর নেতৃত্বে। এমনকী নিজেকে ‘ঈশ্বরের সন্তান’ বলতেও ছাড়েনি। কিন্তু সময় বদলেছে। ‘আমিত্বের চূড়ায়’ থাকা মোদিকে পরোক্ষে ফের ‘অহং’ ত্যাগের বার্তা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। তা না হলে গভীর খাদে পড়তে হবে বলে বুঝিয়ে দিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। 
Advertisement
শেষ হওয়া মহারাষ্ট্রে বিধানসভা ভোটে মোদিকে সুকৌশলে আর ‘মুখ’ করেনি বিজেপি। তাতে সাফল্যও মিলেছে। পর্যবেক্ষকদের মতে, মূলত সঙ্ঘের নির্দেশে পদ্ম পার্টির এই কৌশল বদল। এবার সেই মারাঠাভূম থেকে ‘আমিত্বে ভোগা’ এই নেতাকে বার্তা সঙ্ঘ প্রধানের। এই প্রসঙ্গে উদ্ধৃত করলেন শ্রীরামকৃষ্ণকে। সোমবার পুনেতে ভারত বিকাশ পরিষদের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, প্রত্যেক ব্যক্তির দু’টি ‘আমি’ আছে। একটি কাঁচা এবং অন্যটি পাকা। প্রত্যেকের উচিত নিজের জীবনযাপনে পাকা ‘আমি’কে আকড়ে রাখা এবং কাঁচা ‘আমি’কে দূরে থাকা। এই কাঁচা আমি হল অহং। ফলে কাঁচা ‘আমি’ নিয়ে কেউ জীবনে এগিয়ে যেতে চাইলে গর্তে পড়বেন।’
মোদির প্রতিটি পদক্ষেপে আত্মপ্রচার, ঢক্কানিনাদ। এমনই অভিযোগ করে থাকে বিরোধীরা। এদিনের অনুষ্ঠানে ঘুরিয়ে তা নিয়েও বার্তা দিলেন সরসঙ্ঘচালক। তিনি বলেন, ‘অন্তরের আনন্দ ও সন্তুষ্টি থেকে নিঃস্বার্থ সেবার মনোভাব আসে।’ 
তিনি বলেন, এখন আর বেশি সংখ্যক মানুষের ধারণা হল, সমাজে যা হচ্ছে সবটাই ভুল। আসলে তা নয়। সমাজে একটা যদি খারাপ কাজ হয়, তাহলে ভাল এবং মহৎ উদ্দেশ্যে কাজ হচ্ছে তার ৪০ গুণ বেশি। এই ইতিবাচক দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। তবেই সমাজের প্রতি মানুষের আস্থা বাড়বে।’
সম্পর্কিত সংবাদ