সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া জেলার আমতা বিধানসভার দক্ষিণ ভাটোরা স্বাস্থ্যকেন্দ্রে চালু হবে অন্তর্বিভাগ। সেই পরিষেবা চালুর লক্ষ্যে বিল্ডিং সংস্কারের কাজ শুরু হল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সহযোগিতায় কেন্দ্রটি সংস্কার হবে। এই কাজে খরচ ৩১ লক্ষ টাকা। শনিবার কাজের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। স্বাস্থ্যকেন্দ্র সংস্কারের পাশাপাশি চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও আনা হবে। দ্বীপাঞ্চলের বাসিন্দাদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে দক্ষিণ ভাটোরা স্বাস্থ্যকেন্দ্রে অন্তর্বিভাগ চালুর পরিকল্পনা করেছিল বাম সরকার। তবে তা বাস্তবায়িত হয়নি। এরপর দীর্ঘদিন কেন্দ্রটি কোনওরকমে চলছিল। আমতার বিধায়ক এটির উন্নতি করতে উদ্যোগ নেন। বর্তমানে দু’জন চিকিৎসক আছেন। ফলে চিকিৎসা ব্যবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে। এবার ২৪ ঘণ্টা চিকিৎসা চালু হলে বহু মানুষের সুবিধা হবে। জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের অন্দরমহল সংস্কার, বাইরের অংশে পলেস্তারার কাজ সহ একাধিক কাজ হবে। তারপর আনা হবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। আমতার বিধায়ক জানান, সংস্কারের কাজ শেষ হলে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা চালু হবে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে অন্তর্বিভাগ চালু করা হবে। এর ফলে দ্বীপাঞ্চলের বাসিন্দাদের সুবিধা হবে। ২৪ ঘণ্টা চিকিৎসা চালুর খবর শুনে খুশি এখানকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, এতদিন রাতবিরেতে চিকিৎসা পেতে বিপাকে পড়তে হতো। সে দুশ্চিন্তা দূর হবে।



